
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 22 April 2025 12:30
দ্য ওয়াল ব্যুরো: ফুরফুরা শরিফ থেকে সংশোধিত ওয়াকফ আইন (Waqf Amendment Act) বাতিলের দাবিতে 'ব্রিগেড চলো'র (Brigade) ডাক দেওয়া হয়। আগামী ২৬ এপ্রিল ব্রিগেডে সেই সভা হওয়ার কথা। সভা করতে চেয়ে পুলিশ- সেনার কাছে অনুমতি চাইলেও দু'পক্ষের কেউই তা দেয়নি। এবার তাই কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ মুসলিম ল’ বোর্ড (Muslim Law Board)। এই সংগঠনের তরফেই সমাবেশ আয়োজন করার কথা রয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। বিরোধিতায় পথে নেমেছে মুসলিম সম্প্রদায়ের একাংশ। প্রতিবাদের আঁচ এসে পড়েছে বাংলাতেও। দিন কয়েক ধরে ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ এবং মালদহে। তবে রাজ্যের অন্যান্য জায়গাতেও প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। বাদ নেই ফুরফুরাও। সেখানকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা আয়োজন করছেন পিরজাদারা।
এমনই এক সভা থেকেই ব্রিগেডে সমাবেশ করার ডাক দেওয়া হয়। মুসলিম ল’ বোর্ডের তরফে এই সমাবেশ আয়োজন করা হবে বলেও জানানো হয়। ফুরফুরা পিরজাদা মেহেরাব সিদ্দিকি বলেন, 'মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ডাকে ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে। পিরজাদারা এই সমাবেশ সমর্থন করছে।
সভার অনুমতি পেতে বেগ পেতে হবে বলে আগেই সন্দেহ করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। যে কারণে নিজেকে গোটা কর্মসূচি থেকে গুটিয়ে রেখেছিলেন। সোমবার ভিডিও বার্তা দিয়ে ভাইজান তাঁর সমর্থকদের জানিয়েছিলেন, মোমবাতি যেমন নিজে অন্ধকারে থেকে সমাজে আলো ছড়ায়, ঠিক তেমনই তিনিও আঁধারে থেকে এই কর্মসূচিকে সমর্থন করতে চান। কারণ ব্যাখ্যা করে বলেন, তৃণমূল সরকার, পুলিশ ইচ্ছে করে মিটিং মিছিলে বাধা দিচ্ছে। যে কারণে তিনি যদি পিরজাদাদের এই ব্রিগেড সমাবেশে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকেন তাহলে প্রশাসন ব্যাগড়া দিতে চাইবে। তাই তিনি এখনই জানাতে চাইছেন না আদৌ ব্রিগেডে যাবেন কিনা।