
শেষ আপডেট: 10 December 2023 20:26
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর মাস এবং চিড়িয়াখানা। যেন একে অপরের পরিপূরক। শীতের হাওয়া লাগতে না লাগতেই ভিড় জমতে শুরু করেছে আলিপুর চিড়িয়াখানায়। তবে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমরা অনেক সময় ভিড়ের জন্য বেশি ঘোরাঘুরি করতে পারেন না। তাই এবার তাঁদের সুবিধার্থে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা হল। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় নিজের তহবিল থেকে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে ১০ টি ব্যাটারি চালিত গাড়ি উপহার দিয়েছেন। বিনামূল্যে সেই গাড়িতে চিরিয়াখানা ঘুরতে পারবেন সাধারণ মানুষ।
ব্যাটারি চালিত গাড়ির পাশাপাশি রবিবার দুপুরে চিড়িয়াখানার পশুদের জন্য দুটি অ্যাম্বু্লেন্সেরও উদ্বোধন হয়েছে। জানা গিয়েছে, দুটি অ্যাম্বলেন্সের দাম ২১ লক্ষ টাকা। আর ব্যাটারিচালিত ১০ টি গাড়ির প্রতিটির দাম প্রায় ৬ লক্ষ। সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ বন বিভাগের পদস্থ কর্তারা।
নিজের ছোটবেলার কথা স্মরণ করে মালা রায়কে ধন্যবাদ দেন মেয়র। শৈশবের স্মৃতি হাতরে তিনি বলেন, “বাবার কাঁধে চেপে চিড়িয়াখানায় ঘুরেছি। পরে বাবা হয়ে মেয়েদের ঘুরিয়েছি। কিন্তু বয়স হয়ে যাওয়ায় দাদু হয়ে আর পারি না। মালা রায় এই গাড়ির ব্যবস্থা করায় ধন্যবাদ।
অন্যদিকে, মালা রায়ের বক্তব্য, “মানুষের জন্য মানুষই তো পাশে থাকবে। এই গাড়িতে করে বয়স্ক এবং শিশুরা পুরো চিড়িয়াখানা ঘুরে ক্লান্ত হবে না। বিনামূল্যে এই পরিষেবা আজ থেকেই চালু হল।” একইসঙ্গে আগামী দিনে ব্যাটারিচালিত গাড়ির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
শীত পড়তে পড়তেই আলিপুর চিড়িয়াখানায় মানুষের ভিড় শুরু হয়ে গিয়েছে। তাই এই ব্যাটরিচালিত গাড়িগুলি দর্শনার্থীদের সাহায্য করবে বলে মনে করছে চিড়িাখানা কর্তৃপক্ষ। অন্যদিকে, ইতিমধ্যে সাদা বাঘের চলাফেরা করার জায়গা আরও বাড়ানো হয়েছে। এলাকা বেড়েছে পাখিদের এনক্লোজারের। এছাড়াও একাধিক জায়গায় বসানো হয়েছে ডাস্টবিন। তাই সামগ্রিকভাবে আলিপুর চিড়িয়াখানার জীবজন্তু এবং দর্শনার্থীদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত।