
শেষ আপডেট: 30 March 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ মার্চ থেকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। এবার রুবি মোড় ছাড়িয়ে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হওয়ার মুখে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো। কিন্তু সেই কাজে এল বাধা এল। দ্রুত কাজ শেষ করার ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে মেট্রো কর্তৃপক্ষ।
শুক্রবার ওই মেট্রোর আনুষ্ঠানিক পরিদর্শন করেন মেট্রো সার্কলের ভারপ্রাপ্ত চিফ সেফটি কমিশনার জনককুমার গর্গ। মেট্রো কর্তাদের আশাও ছিল, অতি দ্রুত ওই পথেও পরিষেবা শুরু করার ছাড়পত্র মিলবে। কিন্তু এরই মধ্যে কাজ শেষ করার ক্ষেত্রে বাধা আসার বিষয়টি জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, দ্রুত কাজ শেষ করার জন্য বাইপাসের গাড়ি চলাচল নিয়ন্ত্রণের প্রয়েজন রয়েছে। যার জন্য একাধিকবার কলকাতার ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু রাজ্যের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাই আপাতত কবে রুবি থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজ শেষ হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
গত বছর পয়লা বৈশাখে রুবি পর্যন্ত মেট্রো চলাচল শুরুর কথা থাকলেও নানা বাধায় তা থমকে গিয়েছিল। সেই পরিষেবা চালু হওয়ার পরে চলতি বছরে ওই মেট্রোয় বেলেঘাটা পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত করাই ছিল লক্ষ্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালানোর ক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যা ছিল, সেটা কেটে গিয়েছে। ১৬৬ নম্বর এবং ১৬৭ নম্বর স্তম্ভ জুড়ে ফেলার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। সেই সমস্যা কাটিয়ে উঠেছে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডে। কিন্তু এরই মাঝে দেখা গিয়েছে নতুন জটিলতা।
শুক্রবার সকাল থেকে বেলেঘাটার দিক থেকে ট্র্যাক এবং অন্যান্য ব্যবস্থার পরিদর্শন শুরু করেন মেট্রের উচ্চ পদস্থ কর্তারা। দুপুরের দিকে রেক সর্বোচ্চ গতিতে ছুটিয়ে মহড়া দেওয়া হয়। এই মেট্রো বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হলে প্রায় ৯.৮ কিলোমিটার মেট্রোপথ পরিষেবার আওতায় আসবে।
নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে যাত্রীর সংখ্যা আরও বাড়বে। কারণ বাসে করে ওই অংশটা আসতে যতটা সময় লাগে, তার থেকে অনেকটা কম সময়ই মেট্রোয় চলে আসতে পারবেন যাত্রীরা। ফলে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মানুষ মেট্রো ব্যবহার করবেন বলে সংশ্লিষ্ট মহলের মত।