
শেষ আপডেট: 9 March 2024 16:37
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৫ মার্চ থেকে গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। ওইদিন থেকেই মেট্রো সফর করতে পারবেন সাধারণ যাত্রীরা। আগামী শুক্রবার থেকেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রো চলাচল শুরু হবে। শনিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ থেকে তিন রুটেই ছুটবে মেট্রো। হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। আর শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। ব্যস্ত সময়ে মেট্রো চলবে ১২ মিনিট অন্তর। ব্যস্ত সময় ছাড়া চলবে ১৫ মিনিট অন্তর। রবিবার মিলবে না মেট্রো পরিষেবা।
গত ৬ মার্চ দেশের মধ্যে প্রথম কলকাতায় গঙ্গার নীচে মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে লোকসভার আগে কলকাতায় এসে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধনের করেন মোদী। কিন্তু উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা কবে থেকে মিলবে তা নিয়ে এতদিন মেট্রোর তরফে কিছু জানানো হয়নি।
প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, চলতি মার্চ মাস থেকেই শুরু হতে পারে পরিষেবা। অবশেষে হল প্রতীক্ষার অবসান। শনিবার সাংবাদিক সম্মেলন করে মেট্রো কর্তৃপক্ষ জানায়, ১৫ মার্চ থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে গঙ্গার নিচের মেট্রোর দরজা।
উল্লেখ্য, ৪.৮ কিলোমিটারের হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের অংশের ৫২০ মিটার লাইন গিয়েছে গঙ্গার তলা নিয়ে। আর এটাই ভারতের প্রথম নদীর তলা দিয়ে রেল করিডর। যে লাইনে প্রথমবার গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে। ফের একবার ইতিহাসের সঙ্গে হাত মেলাতে চলেছে তিলোত্তমা।
সূত্রের খবর, অক্টোবরে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়ে দেওয়া হবে। অক্টোবরের শেষে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।