
পার্থ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 14 February 2025 20:15
দ্য ওয়াল ব্যুরো: এসএসকেএম-এর প্রতি 'বিশ্বাস' হারিয়ে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি এখন কেমন আছেন, সেই ব্যাপারে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট দিয়েছে। বিশেষ সিবিআই আদালতে জমা পড়েছে সেই রিপোর্ট।
কয়েক দিন জানা গেছিল, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্কট কাটেনি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কিডনি ও ফুসফুসের সমস্যা ছিলই। বাড়তি বিড়ম্বনা হিসেবে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাতে গোলমাল দেখা দিয়েছে। তবে সম্প্রতি আদালতে যে রিপোর্ট জমা পড়েছে তাতে উল্লেখ করা হয়েছে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে কতদিনের মধ্যে তা এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ প্রেসিডেন্সি জেলে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তিনি নিজেই বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান। এর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত নির্দেশ দিয়েছিল তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারেন তবে খরচ নিজেকেই করতে হবে। তারপরই বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি হন পার্থ।
প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরিস্থিতির জন্য অবশ্য তাঁর খাদ্যাভ্যাসকেই দায়ী করছেন চিকিৎসকদের একাংশ। চিকিৎসকদের বক্তব্যের সঙ্গে সহমত জেল কর্তৃপক্ষও। তাঁদের মতে, এই বয়সেও খাদ্যাভ্যাসের ক্ষেত্রে পার্থর সংযমের অভাব রয়েছে, যা নানাবিধ শারীরিক অসুস্থতার একটা বড় কারণ।
আসলে খাদ্য রসিক হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের সুনাম আছে। জেল সূত্রে জানা গেছিল, ক্যান্টিন থেকে আকছার মাটন, চিংড়ি মাছ কিনে খেতেন তিনি। তবে পার্থ ঘনিষ্ঠদের মতে, মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিকরা সবাই একে একে জামিন পেয়ে গেছেন। জামিন পেয়ে গিয়েছেন পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। তা নিয়ে হয়তো এমনিতেই তাঁর কিছুটা মনোকষ্ট রয়েছে। তা থেকেই হয়তো আরও শরীর খারাপ।