
ভোটার লিস্ট খতিয়ে দেখছেন ফিরহাদ। ছবি: সৌম্যদীপ সেন
শেষ আপডেট: 1 March 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: দিদির নির্দেশ মেনে ভূতুড়ে ভোটার (Fake Voter) ধরতে সরেজমিনে কলকাতার মেয়র (Firhad Hakim)। বাড়ি বাড়ি গিয়ে চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে স্ক্রুটিনি (Voter List Scrutiny) করতে পথে নেমেছেন ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি ঘুরে ভোটার কার্ডও (Voter Card) খতিয়ে দেখেন তিনি। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। অন্যদিকে, ভবানীপুরে পথে নেমেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।
ভোটার তালিকায় মৃত কারও নাম রয়ে গিয়েছে নাকি, সে সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হয় শনিবার। এরপরে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেওয়া হবে। আরও একবার স্ক্রুটিনি করা হবে বলেও জানান ফিরহাদ। তাঁর কথায়, "ভুয়ো ভোটার কত, ডেড ভোটার কত, সেই সব আলাদা আলাদা করে তালিকা করতে হবে। এই অনুযায়ী সেই লিস্ট স্ক্রুটিনি করে আমাদের প্রত্যেকটা বুথে সেই, অ্যাসেম্বলি নম্বর, পার্ট নম্বর দিয়ে, বুথ নম্বর দিয়ে স্পেসিফিক করে দেব কাকে পেলাম, কাকে পেলাম না। সেই অনুযায়ী পার্টি যদি দেখে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে, সেটা ইলেকশন কমিশনের কাছে নিয়ে যাব।"
মেয়র জানান, "তিন-চারটে নাম পেয়েছি যাঁদের ভোটার তালিকায় নাম আছে। তাঁরা এখানে থাকেন না অথচ নাম আছে। কিছু আছে যাঁদের এখানে কোনও অস্তিত্ব নেই। এই পাড়ায় আমি বড় হয়েছি, জন্মেছি, অথচ কখনও দেখিনি, এমন তিন-চারজনের নাম পেলাম।"
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভোটার তালিকায় 'ভূতুড়ে' ভোটার ঢুকিয়ে দেওয়ার অভিযোগ কয়েক দিন আগেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে সেই প্রসঙ্গ ওঠে নেতাজি ইন্ডোরের কর্মিসভার বৈঠকে। বৃহস্পতিবারের বৈঠকে 'ভূত' তাড়ানোকেই এই মুহূর্তের 'একমাত্র কাজ' বলে উল্লেখ করেন দলনেত্রী। সেই কাজ করতে গোটা সংগঠনকে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন তিনি। সেই মোতাবেকই এদিন রাস্তায় নেমে পড়লেন ফিরহাদ হাকিম।