
প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 December 2024 13:30
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় অগ্নিকাণ্ড! শুক্রবার সকালে দক্ষিণদাঁড়ির একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পরিস্থিতি আয়ত্তে আনতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকল সূত্রে খবর, এদিন সকালে আচমকাই উল্টোডাঙ্গার কাছে দক্ষিণদাঁড়ির একটি বাড়িতে আগুন লাগে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
তবে এলাকা ঘিঞ্জি ও জনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে বলে খবর। পুরো এলাকা ঘিরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাড়ি থেকে সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে বলে খবর।
জানা গেছে, নতুন করে যাতে পরিস্থিতি খারাপ না হয় সে কারণে বাড়ি থেকে বের করে আনা হয়েছে গ্যাস সিলিন্ডার। স্থানীয়দের মতে, এদিন সকালে আচমকাই বাড়িটিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
এর আগে গত ১২ নভেম্বর দক্ষিণদাঁড়ির একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। সেখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। পরে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর।