
শেষ আপডেট: 27 February 2024 15:36
দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের কাদাপাড়ার ক্যালকাটা জুটমিলে আগুন লেগেছে। দাউদাউ করে জ্বলছে পাটের গুদাম। আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়েছে দমকলের দশটি ইঞ্জিন।
সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ জুটমিলের ৩ নম্বর গুদামঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। গুদামে প্রচুর কাঁচা পাট মজুত থাকায় আগুন নিমেষে বিধ্বংসী চেহারা নেয়। দ্রুত ছড়াতে শুরু করে আশপাশের গুদামগুলিতে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা।
বেলেঘাটা ইএম বাইপাসের ধারে কাদাপাড়া এলাকায় ওই জুটমিল রয়েছে। জুটমিলের অনেকগুলি গুদামঘর। সবকটিতেই কাঁচা পাট বা পাটের জিনিস মজুত থাকে। এলাকাবাসীরা বলছেন, জুটমিলটি যেখানে রয়েছে তার আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ। তাই আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিয়েছে। এদিন সকালে গুদামঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে চেঁচামেচি শুরু করেন স্থানীয়রাই। এলাকাবাসীরাই খবর দেন দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন।
আগুন নেভানোর কাজ চলছে বলে জানা গেছে। জুটমিল কর্তৃপক্ষের দাবি কোটি কোটি টাকার লোকসান হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা তা এখনও জানা যায়নি। কীভাবে আগুন লাগল সে কারণও জানা যায়নি।