
মানিক ভট্টাচার্য
শেষ আপডেট: 12 September 2024 11:54
দ্য ওয়াল ব্যুরো: জামিন পেলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার হাইকোর্টে জামিন মঞ্জুর হল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক।
২৩ মাস জেলবন্দি থাকার পর অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে এদিন শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ২০২২ সালের অক্টোবর মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা গ্রেফতার করা হয়েছিল মানিককে।
বিচারপতি পলাশীপাড়ার তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর করলেও কয়েকটি শর্ত আরোপ করেন। তাঁর আদেশে তিনি জানান, মানিকের পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। প্রমাণ লোপাটের কোনও চেষ্টা করা যাবে না। দুর্নীতিমুলক কোনও কাজ করা যাবে না, এবং সাক্ষীদের প্রভাবিত করা যাবে না ।
বিচারপতি তাঁর নির্দেশে এও জানান, তদন্তকারী অফিসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে মানিক ভট্টাচার্যকে। নিজের ফোন নম্বর দিয়ে রাখতে হবে তাঁদের।
২০২২ সালের ১১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজত শেষ হওয়ার পর প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন পলাশীপাড়ার বিধায়ক। অবশেষে ২৩ মাস পরে জামিন পেলেন তিনি। এদিন জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে নিজেই জামিনের সপক্ষে সওয়াল করেন মানিক। গত ২৯ অগস্ট হাইকোর্টে মানিকের জামিন-মামলার শুনানি শেষ হয়। তবে ওই দিন রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি।
নিয়োগ মামলায় মানিকের স্ত্রী এবং পুত্রকেও হেফাজতে নিয়েছিল ইডি। হাইকোর্ট পরে তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন পান মানিকের পুত্র শৌভিক। কিন্তু এতদিন জেলেই বন্দি ছিলেন মানিক।