
শেষ আপডেট: 24 November 2023 13:07
দ্য ওয়াল ব্যুরো: দুই যুবকের মধ্যে বচসা থেকে হাতাহাতি। আর তার জেরেই উত্তর কলকাতায় যুবককে কুপিয়ে খুন। চিৎপুরে পুলিশ কিওস্কের ঠিক সামনেই ঘটনাটি ঘটেছে। শুক্রবার সাত সকালে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রের খবর, নিহতের নাম শেখ দুলারা। বছর ঊনত্রিশের ওই যুবক কাশীপুরের বাসিন্দা। শুক্রবার ধারালো অস্ত্রের আঘাতে প্রথমে গুরুতর আহত হন শেখ দুলারা। কেএল দাস রোডে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা যুবককে মৃত ঘোষণা করেন। ঘটনাটিতে পুলিশ এখনও পর্যন্ত একজনকে আটক করেছে।
এদিন সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। রাস্তায় দুই যুবকের মধ্যে তুমুল বচসা থেকে হাতাহাতি শুরু হয়। এরই মাঝে এক যুবক পকেট থেকে ধারালো অস্ত্র বার করে অপরজনের উপর চড়াও হয়। অভিযোগ, রাস্তায় ফেলে যুবককে কোপানো হয়। এলাকার লোকজন দেখতে পেয়ে ছুটে এলে অভিযুক্ত যুবক চম্পট দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাটির তদন্তে নেমে পুলিশ শিবু নামে এক ব্যক্তিকে আটক করেছে। যদিও পুলিশি জেরায় শিবু জানিয়েছে যে সে এই ঘটনার সঙ্গে জড়িত নয়। কী কারণে যুবককে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আসল খুনির খোঁজে এলাকাবাসী ও শিবুর বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।