
শেষ আপডেট: 22 January 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: গোটা বাংলা জুড়ে সোমবার সংহতি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। সেই মিছিলে যোগদান করার জন্য ইতিমধ্যে বাড়ি থেকে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মিছিলে যোগ দেওয়ার আগে তিনি গেলেন কালীঘাটে মায়ের দর্শনে।
যদিও তাঁর সঙ্গে কালীঘাটে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি ছিলেন হাজরা মোড়ে। এই মুহূর্তে সেখানে পৌঁছে মিছিল শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের ডাক দিয়েছিলেন বলে শুরু থেকে বিরোধিতা করেছিল বিজেপি। রাজ্যের সম্প্রীতি নষ্ট হতে পারে এমন আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা মিছিল আটকাতে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সোমবার অযোধ্যার অনুষ্ঠান শেষের পরেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে শুরু হয়েছে সংহতি মিছিল।
এই মিছিলকে স্বাগত জানিয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কথায়, সব জায়গায় শান্তি এবং সম্প্রীতি বজায় রাখাই প্রথম কর্তব্য। কোন জিনিস যদি বাংলা বা ভারতকে জুড়ে রাখে, তার জন্য যদি সম্প্রীতি বজায় থাকে, তাহলে তিনি সেটাকে স্বাগত জানাবেন। সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্কের সমীকরণ রাজ্যপালের এই মন্তব্যের পর কিছুটা বদলাবে বলে ধারণা।
ইতিমধ্যে সংহতি মিছিল হাজরা থেকে শুরু হয়ে গিয়েছে। তা ধীরে ধীরে এগিয়ে চলবে পার্ক সার্কাসের দিকে। কলকাতা শহর ছাড়াও রাজ্যের জেলায় জেলায় এবং ব্লকে ব্লকে এই মিছিল হচ্ছে বলেই জানা গিয়েছে।