
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 27 February 2025 22:38
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতাজি ইনডোর স্টেডিয়ামে কর্মীসভার বৈঠক থেকে উস্কে দিয়েছিলেন ভূতুড়ে ভোটার (Fake Voter) প্রসঙ্গ। স্পষ্ট করে জানিয়ে দেন "ভোটার লিস্ট (Voter List) ক্লিন করতে হবে। পরিস্কার করতে হবে। ভোটার তালিকা থেকে ভূতুড়ে নাম বাদ দিতে হবে।"
যেমন বলা তেমন কাজ, খোদ মমতাই এদিন নিজের বাড়িতে ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও আট জন কাউন্সিলরকে ডেকে এ ব্যাপারে আরও একপ্রস্থ বৈঠক করলেন। তাঁর বিধানসভা এলাকায় ভোটার তালিকায় নতুন নাম সংযোজনে কোথায় কী সমস্যা হচ্ছে, কত 'ভূত' হানা দিল ভোটার তালিকায়, তা অক্ষরে অক্ষরে লিখে রিপোর্ট আকারে ফিরহাদের হাতে জমা দিতে হবে কাউন্সিলরদের।
সময়সীমা বেঁধে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ফিরহাদকে জানিয়ে দিয়েছেন, কাজ শেষ করে সবিস্তারে সেই রিপোর্ট মার্চের ১৫ তারিখের মধ্যে তাঁর কাছে জমা দিতে হবে। বেলায় নির্দেশ দেওয়ার পরপরই সন্ধের মধ্যে নিজেই দলনেত্রী কাজ শুরু করে দিলেন।
ওয়াকিবহাল মহল মনে করছে দলের নেতা-মন্ত্রীরা যাতে ভূতুড়ে ভোটার ধরতে ঢিলেমি না থাকে, তাই নেত্রী নিজেই এ ব্যাপারে তৎপর হয়ে উঠেছেন।
বস্তুত, অনলাইন পদ্ধতিতে ভোটার লিস্টে নাম তোলার সুযোগ নিয়ে, কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার লিস্টে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদ্ধতিতেই পদ্ম শিবির মহারাষ্ট্র, দিল্লি দখল করেছে বলেও দাবি করেছিলেন তৃণমূল নেত্রী।
এ ব্যাপারে নেতাজি ইনডোরের সভা থেকে রীতিমতো তথ্যপ্রমাণ তুলে ধরার পাশাপাশি, বইয়ে পড়া দাগানোর মতো করে দলের নেতা-কর্মীদের 'টাস্ক'ও বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিও তৈরি করেন। এবার সবার আগে নিজেই কাজ শুরু করে দিলেন দলনেত্রী।