.webp)
বোমাতঙ্ক, ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড।
শেষ আপডেট: 16 June 2024 22:38
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে রবিবার রাত ৯টা নাগাদ মাহেশ্বরী ভবনে ঘরছাড়াদের কাছে পৌঁছন দিল্লি থেকে আসা বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। তার কিছু পরেই মাহেশ্বরী ভবনের অদূরে রাস্তার ডিভাইডারে সুতলি বোমার মতো কিছু একটা পড়ে থাকাকে কেন্দ্র ছড়ায় বোমাতঙ্ক।
খবর পেয়ে নিমেষে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের স্পেশাল টিম। আসে বোম্ব স্কোয়াডও। সন্দেহজনক বস্তুটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যান তাঁরা। ভেতরে বোমা রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলের আশেপাশে এলাকাও তল্লাশি চালানো হয়।
এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া শুনিয়েছেন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব। বিপ্লব বলেন, "বাংলায় যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই, তা এঘটনা থেকেই স্পষ্ট। বাংলাজুড়ে তৃণমূলের গুন্ডারাজ চলছে, তাই বিরোধিতা করলেই বোমা, গুলি দিয়ে শায়েস্তার চেষ্টা করা হচ্ছে।"
অভিযোগ উড়িয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এসব সাজানো নাটক! ভোটের হারের লজ্জা ঢাাকতে বিজেপি এখন এরকম অনেক নাটক করবে।"
প্রসঙ্গত, ভোট মিটতেই কোচবিহার, ডায়মন্ড হারবার-সহ একাধিক জেলায় সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিজেপি। মাহেশ্বরী ভবনে রয়েছেন ঘরছাড়াদের একাংশ। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে এদিনই কলকাতায় এসে পৌঁছেছেন বিজেপির চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল।