
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 10 February 2025 10:57
দ্য ওয়াল ব্যুরো: সোমবার শুরু হল এবারের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসতে চলেছেন ৯,৮৪,৭৫৩ জন। পদ্মপুকুরের একটি স্কুলে আজ সকালে পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কলকাতার নগরপাল। সকলের উদ্দেশে বললেন, 'অল দ্য বেস্ট।'
পড়ুয়ারা একে একে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মনোজ ভার্মা। কলকাতা পুলিশের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেবিষয়ে জানান। বলেন, 'পুলিশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মাধ্যমিক বোর্ডের কিছু গাইডলাইন আছে। এছাড়াও আমাদের তরফে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেরিঘাট থেকে একাধিক এলাকায় চেকিং হয়েছে। আশা করি সবকিছু ভাল থাকবে। ইন্টারনেটের বিষয়টি নজরে আছে। আমরা ব্যবস্থা করে রেখেছি।'
যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশ। এদিন জানিয়ে দেন নগরপাল। বলেন, 'আমরা প্রস্তুত আছি। ট্র্যাফিক থেকে শুরু করে সব জায়গায় আমরা প্রস্তুতি নিয়েছি।'
এদিকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। মাধ্যমিকের ফলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যানজট এড়াতে বাড়তি পদক্ষেপ করেছে প্রশাসন।
পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁদের সমস্তরকম প্রশাসনিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরীক্ষা নিয়ে একাধিক বিধি নিষেধ ও নিয়ম লাগু হয়েছে। অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ব্যাগ বা অন্য সামগ্রী নিয়ে এলে তা কেন্দ্রের বাইরে রেখে আসতে হবে। একা আসা পরীক্ষার্থীদের জন্য ক্লকরুমের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ব্যাগ রাখা যাবে। অ্যাডমিট কার্ড ছাড়া স্বচ্ছ কিছুতে পেন, স্বচ্ছ বোতলে জল ও স্বচ্ছ রাইটিং বোর্ড আনা যাবে। কোথাও কোনও স্টিকার বা নম্বর লেখা থাকলে তা নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।