
শেষ আপডেট: 20 October 2023 20:50
দ্য ওয়াল ব্যুরো: পুজোর জনপ্লাবনের কলকাতায় আচমকা বন্ধ মা উড়ালপুল! ষষ্ঠীর সন্ধের এমন ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়ে জনমানসে।
বেশ কয়েক মিনিট অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। হল টা কী! দর্শনার্থী থেকে অফিস ফেরৎ কর্মী, সকলের মধ্যেই যখন উৎকন্ঠার পারদ ক্রমেই চড়ছে তখনই রুবির দিকে মা উড়ালপুলের একটি লেন দিয়ে ধীর গতিতে রিক্সা চালিয়ে নামতে দেখা যায় এক রিক্সাওয়ালাকে! কাঁধে ফেলা গামছা। চোখ মুখের নির্লিপ্ত ভাব দেখলে বোঝা দায়, তাঁর কাণ্ডকারখানার জেরেই কয়েক মিনিট ধরে স্তব্ধ ছিল মা উড়ালপুলের একটি লেন!
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধে ৬ টা ৪৫ মিনিট নাগাদ রুবির দিক থেকে মা উড়ালপুলে ওঠার লেনে। একজন রোগীকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছনোর তাড়না থেকে ভুল করে রিক্সা নিয়ে মা উড়ালপুলে উঠে পড়েছিলেন ওই রিক্সাচালক। বিষয়টি নজরে আসামাত্রই তিলজলা ট্রাফিক পুলিশের তরফে তৎপরতার সঙ্গে মা উড়ালপুলের সংশ্লিষ্ট লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দ্রুত একটি ট্যাক্সিতে করে সংশ্লিষ্ট রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। একই সঙ্গে রিক্সা সহ রিক্সাচালককে ব্যস্ততম এই উড়ালপুল থেকে নামানো হয়। তারই জেরে কয়েক মিনিট অবরুদ্ধ ছিল মা উড়ালপুলের একটি লেন।
শহরের অন্যতম প্রধান এই সেতুতে কার্যত ২৪ ঘণ্টায় যান চলাচল করে। তাই পথচলতি মানুষ কিংবা সাইকেল আরোহী কাউকেই উঠতে দেওয়া হয় না এই সেতুতে। এমনকী রাত ১০টার পর সংশ্লিষ্ট সেতুতে বাইক নিয়ে ওঠাও নিষিদ্ধ। সেখানে রিক্সা নিয়ে রিক্সাওয়ালা কীভাবে উঠে পড়লেন, তাও আবার পুজোর মতো ব্যস্ত সময়ে, তা নিয়ে জনমানসে তৈরি হয় তীব্র কৌতূহল।
স্বভাবতই, রিক্সাচালককে রিক্সা নিয়ে সেতু থেকে নামতে দেখে তাঁকে উদ্দেশ্য করে বিভিন্ন কৌতূকপূর্ণ মন্তব্যও করতে দেখা যায় পথচারীদের একাংশকে। তবে সকলেই পুলিশি তৎপরতার প্রশংসা করছেন। কারণ, বিষয়টি পুলিশের নজরে আসা মাত্র লেন বন্ধ করে পুলিশ ওই রিক্সা চালককে ব্যস্ততম সেতু থেকে নামানোর ব্যবস্থা না করলে ষষ্ঠীর সন্ধেয় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো শহরে।