
ফাইল চিত্র
শেষ আপডেট: 29 November 2024 16:22
দ্য ওয়াল ব্যুরো: সরকারি হোক কিংবা বেসরকারি, কোন রুটের বাস কখন আসবে তা পরিস্কার দেখা যাবে বাসস্টপে দাঁড়িয়ে। প্রায় প্রতিটি বাসস্টপে এলইডি স্ক্রিনের টাইম টেবিল বসানোর ব্যাপারে উদ্যোগী পরিবহণ দফতর। তবে কবে থেকে এমন সুবিধা মিলবে তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
শুধু কলকাতা নয়, সল্টলেক এবং কেএমডিএ এলাকাতেও প্রত্যেক বাসস্টপে এই টাইম টেবিল বসানোর ভাবনা নেওয়া হয়েছে। প্রত্যেক বাস কখন, কোথায় আসবে তা দেখা যাবে স্ক্রিনে। তবে এই কাজটিতে যে বেশ কিছুটা সময় লেগে যাবে তা স্পষ্ট। কারণ শহরের বহু জায়গায় নির্দিষ্ট বাসস্টপ নেই। সব বাসস্টপে আবার নিয়ম করে বাসও দাঁড়ায় না। তাহলে কীভাবে এগোবে এই কাজ?
সূত্র মারফৎ জানা গেছে, যেখানে নির্দিষ্ট বাসস্টপ নেই সেখানে পরিবহণ দফতরের সঙ্গে কলকাতা পুরসভা যৌথভাবে বাসস্টপ তৈরি করবে। পাশাপাশি বাসগুলি চালানোর ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে তা পরিস্কার করে দেওয়া হবে বাস সংগঠনগুলিকে।
যেমন নির্দিষ্ট সময়ে বাসস্ট্যান্ড থেকে বাস ছাড়তে হবে। নির্দিষ্ট স্টপ ছাড়া বাস দাঁড়াতে পারবে না। তাছাড়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তোলা-নামানো করা যাবে না। বাঁ দিকের লেন ধরেই তা করতে হবে। কোনও রকম নিয়ম না মানা হলে নির্দিষ্ট বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
এলইডি স্ক্রিনের পাশাপাশি অ্যাপের ব্যবস্থা করা হচ্ছে। তাতে সব বাসের গতিবিধি দেখা হবে। আর এটা আগেই জানা গেছে যে, দুই বাসের রেষারেষি কমাতে নয়া গাইডলাইন আনছে রাজ্য সরকার। সুতরাং রাস্তায় বেরিয়ে আমজনতার বাস নিয়ে যাতে আর বিপদে পড়তে না হয়, তার জন্য সবরকমের চেষ্টা করছে রাজ্য পরিবহণ দফতর।