
সিভিক ভলান্টিয়ার। ফাইল চিত্র।
শেষ আপডেট: 18 August 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিভিক পুলিশদের নিয়ে সতর্ক হল লালবাজার। জানা গেছে, এ ব্যাপারে কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন। এর পরেই কলকাতা পুলিশে কর্মরত সমস্ত সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে তথ্য যাচাই করা শুরু করল লালবাজার। আরজি কর কাণ্ডে অভিযুক্ত ও ধত সঞ্জয় রায় পেশায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। এই কারণেই সিভিকদের নিয়ে এই সতর্কতা।
জানা গেছে, মূলত দু’টি তথ্যের উপর জোর দেওয়া হচ্ছে। অতীতে তাঁদের কোনও অপরাধের নজির আছে কিনা এবং তাঁদের চারিত্রিক কোনও দোষ রয়েছে কিনা। হোমগার্ডদের সম্পর্কেও খোঁজ খবর করে তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সঞ্জয় রায় ধরা পড়ার পরে তা কলকাতা পুলিশের ভাবমূর্তিকে আঘাত করেছে। সেই কারণেই তড়িঘড়ি কলকাতার সব থানাকে তাদের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে বিস্তারিত তথ্য লালবাজারে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়ারদের নাম ঠিকানা-সহ যাবতীয় পরিচয়পত্রের প্রতিলিপি যাচাই করতে হবে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তাদের কাজের মূল্যায়নও পাঠাতে হবে।
শুধু তাই নয়, সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করতে গিয়ে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ উঠেছে কিনা, সিভিক ভলান্টিয়ার কোনও নেশা করেন কিনা, সেকথাও উল্লেখ করতে হবে। প্রসঙ্গত, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চারিত্রিক দোষ এবং নেশা করার অভিযোগ উঠেছে। তাই এসব ব্যারাকে এত জোর দিচ্ছে পুলিশ।