
কুন্তল ঘোষ
শেষ আপডেট: 18 February 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে ব্যাঙ্কশাল কের্টে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করেছিল সিবিআই। ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ মঙ্গলবার কুন্তল ঘোষের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালতের বিচারক। কথা মতো কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য আজ আদালতে উপস্থিত কুন্তল।
নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীলরা অন্যতম অভিযুক্ত। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দারা। এরপরে টালবাহানার মধ্যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই। এরপর সেই পথে হেঁটে কুন্তলেরও কণ্ঠস্বরের নমুনা নিচ্ছে সিবিআই।
গত ২০২২ সালের জুলাইয়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তারপর একের পর এক তৃণমূলের নেতার নাম সামনে আসে। সেই তালিকায় ছিল হুগলির যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষও।
২০২৩ সালের জানুয়ারিতে তাঁকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ সামনে আনে ইডি। সেই অভিযোগ ওঠার পরই কুন্তলকে দল থেকে বহিষ্কার করে রাজ্যের শাসক দল। এই ঘটনার প্রায় দু'বছরের পর ২০২৪ সালে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান তিনি। তার আগে কলকাতা হাইকোর্টে ইডির মামলায় জামিন পেয়েছেন কুন্তল ঘোষ।