.webp)
প্রতিবাদে কুমোরটুলির মৃৎশিল্পীরা
শেষ আপডেট: 8 September 2024 17:15
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। রবিবার বিকেলে হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চেয়ে সরব হলেন মৃৎশিল্পীরা।
স্লোগানে স্লোগানে উঠল ‘চাইছে পুজোর আঁতুড়ঘর, বিচার চাইছে আরজি কর’, ‘কুমোরটুলি দিচ্ছে ডাক, আমার দুর্গা বিচার পাক’। তাঁরা জানালেন, এ বারের পুজো নিয়ে তাঁদের কোনও উৎসাহ নেই।
এদিন দুপুর থেকেই কুমোরটুলিতে জড়ো হতে থাকেন মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীদের প্রতিবাদে শামিল হয়েছেন শিল্পী সনাতন দিন্দাও। দুর্গাপুজো শুরু ৮ অক্টোবর থেকে। এই সময় চরম ব্যস্ততা থাকে কুমোরটুলিতে। এবার শহর দেখল অন্য ছবি। ব্যস্ততার মাঝেই পথে মৃৎশিল্পীরা।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যে কলকাতা-সহ একাধিক জেলার পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি করের মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি অসুস্থ থাকায় সেই শুনানি পিছিয়েছে। আগামী সোমবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। তার আগে কলকাতা শহরে আবার মিছিলের ডাক দেওয়া হল।