
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 December 2024 10:37
দ্য ওয়াল ব্যুরো: উইকেন্ডে আবহাওয়ার খামখেয়ালিপনা। শনিবারের তুলনায় রবিবার সকালটা অনেকটাই আলাদা। শনিবার রাতে উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’। শক্তিশালী এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে রবিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান পুদুচেরির কাছেই। রবিবার বেলা সাড়ে ১১টার মধ্যে আরও শক্তিক্ষয় হবে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস (Today Weather)। চেন্নাইয়ে ফেঙ্গলের কারণে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাত পর্যন্ত ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলেছে। এর প্রভাবে তামিলনাড়ুর উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না হলেও পরোক্ষ প্রভাব পড়েছে রাজ্যে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছিল। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিও হয়েছে (Today Rain)। তবে রবিবাসরীয় সকালে শহরে রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজকেও উপকূল ও সংলগ্ন চার জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। আপাতত শীতের আমেজে কিছুটা বাধা। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বাড়ল রাতের তাপমাত্রা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। বেলা হতেই ঝলমলে রোদ (Weather Today)।
উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
এখনও স্বাভাবিকের ওপরেই সর্বনিম্ন তাপমাত্রা। তবে আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী ৪-৫ দিনে দু-এক ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে সর্বোচ্চ তাপমাত্রা উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে অনেকটাই নেমে গিয়েছে।
উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা।
কলকাতায় সারাদিনই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও কোথাও রোদও থাকবে। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হবে। এখনও স্বাভাবিকের ওপরেই পারদ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার ইঙ্গিত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ৯১ শতাংশ।
ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু , পুদুচেরি ও করাইকাল এলাকায়। এই রাজ্যগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি অন্ধপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক ইয়ানাম রায়লসীমাতে। ভারী বৃষ্টি কেরল মাহে এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে।