
শেষ আপডেট: 28 November 2023 07:54
দ্য ওয়াল ব্যুরো: কোটি ছাড়িয়ে গেছে অনেকদিনই। জনসংখ্যার বিচারে বিশ্বের ১৭ তম স্থানে রয়েছে কলকাতা। হিসেব বলছে, আগামী কয়েক দশকের মধ্যে জনবিস্ফোরণ হতে চলেছে তিলোত্তমায়। জনসংখ্যা যে হারে বেড়ে চলেছে তাতে এ শহর বিশ্বের ৫ নম্বর জায়গায় চলে যাবে। মাথাগোঁজার জায়গাটুকু আর পাওয়া যাবে না।
‘দ্য ইনস্টিটিউট ফর ইকনমিক্স অ্যান্ড পিস’ (আইইপি)-র সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। ২০৫০ সালের মধ্যে কলকাতার জনসংখ্যা কত হতে পারে তার সম্ভাব্য একটা রিপোর্ট বের করেছে ওই সংস্থা। এখনই কলকাতার জনসংখ্যা ১ কোটি ৫৩ লক্ষের বেশি। ২০৫০ সালের মধ্যে তা আরও কয়েকগুণ বাড়বে বলেই দাবি আইইপি-র।
গত দশ বছরে, ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে, পশ্চিমবঙ্গে মোট ৫৩৪টি শহরের জন্ম হয়েছে। নতুন শহরের জন্মের মাপকাঠিতে এই দশ বছরে পশ্চিমবঙ্গ গোটা দেশে একেবারে প্রথম স্থানে আছে। ২০১১ সালের জনগণনা থেকে এই তথ্যটি পাওয়া গিয়েছে। অবশ্য, গোটা দেশ জুড়েই নতুন শহরের বিস্ফোরণ হয়েছে। এই দশ বছরে ভারতে আড়াই হাজারেরও বেশি নতুন শহর তৈরি হয়েছে।
গোটা পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে আর একটাও এমন শহর নেই যার জনসংখ্যা কলকাতার জনসংখ্যার দশ শতাংশও ছুঁতে পারে। কলকাতার কারণেই গত ষাট বছরে পশ্চিমবঙ্গের মোট শহরবাসীর অন্তত পঁচাত্তর শতাংশ প্রথম শ্রেণির শহরে (অর্থাৎ যে শহরের জনসংখ্যা কমপক্ষে এক লক্ষ) বাস করেন। ২০১১ সালের সেনসাসেই প্রথম দেখা গেছে, চতুর্থ শ্রেণির (জনসংখ্যা দশ থেকে কুড়ি হাজার) এবং বিশেষত পঞ্চম শ্রেণির (জনসংখ্যা পাঁচ থেকে দশ হাজার) শহরে জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।
১৭৫২ সালে মাত্র ১৫ হাজার পরিবার এই শহরে বসবাস করত। সেখানে বর্তমানে বাস করে ১০ লক্ষেরও বেশি। এই হারে বাড়তে থাকলে ২০৫০ সালের মধ্যে কলকাতার জনসংখ্যা কত হতে পারে তা ভেবেই চমকে উঠছেন বিশেষজ্ঞরা। তাংদের অনুমান, জনবিস্ফোরণ হলে আর্থ-সামাজিক ব্যবস্থাতেও আমূল বদল আসবে। খাদ্য, নিরাপত্তা সবেতেই সমস্যা দেখা দেবে। অপরাধের মাত্রা বাড়তে পারে। মাথাগোঁজার আশ্রয়টুকুর জন্য হুড়োহুড়ি পড়ে যাবে সেই সময়ে।