
শেষ আপডেট: 23 March 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো: দোল-হোলি নিয়ে কড়া নজরদারি কলকাতা পুলিশের। নিরাপত্তা বজায় রাখতে রাজ্য পুলিশের তরফেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু অনিচ্ছুক ব্যক্তি নয়, দোল বা হোলির দিন পথ কুকুরদেরও রং দেওয়া যাবে না। এই ব্যাপারেও এবার কড়া হচ্ছে লালবাজার।
এবার দোল-হোলির দিন শহরে তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে। গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে কোনও রকম বিপদ যাতে না হয় সেজন্য ৭০ টি ঘাটে বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ঘাটে বিশেষভাবে নজর রাখবে সংশ্লিষ্ট থানার অফিসাররা। দোল ও হোলির দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী।
আগামী সোমবার কলকাতার রাস্তায় থাকছে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ। সকাল থেকেই রাস্তায় থাকবেন কলকাতা পুলিশের ২৬ জন ডিসি মর্যাদার কর্তা। তাঁদের অধীনে থাকবে পুলিশবাহিনী। থাকবে ৪৪টি করে টহলদার বাইক। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার, সাব- ইনস্পেকটর পদমর্যাদা অফিসার সহ থাকবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। বিভিন্ন জায়গায় ৩৫০ টি পিকেট তৈরি করা হয়েছে।
লালবাজারের তরফে নির্দেশ এসেছে, কোনও গোলমালের খবর পেলেই যাতে দ্রুত পুলিশ হাজির হতে পারে, সেদিকে থানাগুলিকে নজর দিতে হবে। কোনও গাড়ির ভিতর থেকে যাতে পথচারীদের লক্ষ্য করে রং না ছোড়া হয়, সেদিকে কড়া নজর থাকবে পুলিশের। একইসঙ্গে বহুতলগুলি থেকে যাতে নিচে রং না ছোড়া হয়, সেদিকেও নজর রাখতে গাড়ি করে ঘুরে নজর রাখবে পুলিশ। মহিলাদের নিরাপত্তার জন্য শহর থাকবে উইনার্স বাহিনী, তারা বিভিন্ন পার্কে নজর রাখবে।
দোলের দিন সকালে ও বিকালে বিশেষ নজরদারিও ব্যবস্থা করেছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত পিসিআর ভ্যানও। শহরের বিভিন্ন প্রান্তে একাধিক পিসিআর ভ্যান মোতায়েন থাকছে। কাউকে যাতে জোর করে রং দেওয়া না হয়, তার জন্য অপরিসর রাস্তা ও বহুতলগুলিতেও নজর থাকছে পুলিশের। অভিযোগ এলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লালবাজারের কর্তারা।