
শেষ আপডেট: 7 January 2024 08:40
দ্য ওয়াল ব্যুরো: যাত্রীদের প্রতি দুর্ব্যবহার, ভাড়া নিয়ে জোরজুলুম, রুটের সমস্যা। তালিকায় রয়েছে আরও নানান অভিযোগ। দীর্ঘদিন ধরে শহরের অটো যাত্রীদের ভোগান্তির শিকার হওয়ার ঘটনা সামনে এসেছে। এবার সেই সমস্যার সমাধানসূত্র খুঁজতে উদ্যোগ নিল কলকাতা পুলিশ।
শহর কলকাতার সমস্ত অটো রুট এবং অটো ভাড়া নিয়ে তথ্য সংগ্রহ করছে লালবাজার। আর অটো সম্পর্কিত বিস্তারিত তথ্য এবার কলকাতা পুলিশের 'বন্ধু' অ্যাপে আপলোড করা হবে। ইতিমধ্যেএকটি নির্দেশিকায় সমস্ত ট্রাফিক গার্ডকে অটো রুট এবং ভাড়া নিয়ে বিশদে তথ্য জানাতে বলা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে মিলেছে এমনই খবর।
কলকাতায় অটোযাত্রীদের সমস্যা সমাধানের পথে হাঁটতে ট্রাফিক গার্ড থেকে এই তথ্য এক জায়গায় সংগ্রহ করা হবে। এরপর শহরের সমস্ত অটো রুটের তথ্য এবং সংশ্লিষ্ট সেই রুটের ভাড়া নিয়ে যে কোনও তথ্য যাত্রীদের সুবিধার জন্য ‘বন্ধু’ অ্যাপে আপলোড করার চিন্তা ভাবনা চলছে। কলকাতার অধিকাংশ নাগরিক কলকাতা পুলিশ, ট্রাফিক সংক্রান্ত নানা তথ্য জানার জন্য ‘বন্ধু’ অ্যাপ ব্যবহার করেন। এবার সেখান থেকেই যাত্রীরা অটো নিয়েও সমস্ত তথ্য পেয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে।
কোথাও অতিরিক্ত যাত্রী নিয়ে অটো চলাচল, আবার কোথাও নির্দিষ্ট ভাড়া নিয়ে সমস্যা। শিয়ালদহ, ফুলবাগান, খিদিরপুর, গার্ডেনরিচ, পার্ক সার্কাস, সল্টলেক এলাকায় অটো নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে বলেও প্রচুর অভিযোগ জমা পড়ে। আর সেই সমস্ত অভিযোগের সুরাহা করতেই চিন্তাভাবনা চালাচ্ছে কলকাতা পুলিশ।