
মনোজ ভার্মা
শেষ আপডেট: 28 December 2024 16:58
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কদিন। তারপরই শেষ হয়ে যাবে ২০২৪। নতুন বছরকে স্বাগত জানাবে সকলে। প্রত্যেক বছরই এই সময়টা কড়া নিরাপত্তায় মোড়া হয় কলকাতা শহর। এ বছরই তার ব্যতিক্রম নয়। বছরশেষে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা শনিবার বিস্তারিতভাবে জানান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এবার শহরজুড়ে সাড়ে ৪ হাজার বা তার বেশি পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার বলেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, তারামণ্ডল এবং যত পিকনিক স্পট আছে সব জায়গায় পুলিশ থাকবে। পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশও থাকবে। একই সঙ্গে রাতে স্পেশ্যাল টিম থাকতে চলেছে। যেখানে বেশি জমায়েত হবে, যেমন পার্কস্ট্রিট সেখানে বেশি পুলিশ থাকবে। তিনি এও জানান, ৪ হাজার ৫০০ পুলিশ থাকবে সারা শহরজুড়ে। ৩১ জানুয়ারি এবং ১ তারিখ পর্যন্ত এই সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।
বছরের এই সময়টা অধিকাংশ দুর্ঘটনা ঘটে। তা প্রতিরোধেও ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জানানো হয়েছে, ১৫টি জায়গায় স্পেশ্যাল নাকা চেকিং চলবে। টু হুইলারের জন্য মা ফ্লাইওভারে কোনও বিধিনিষেধ না থাকলেও গতি নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের এসটিএফ টিমও তৈরি থাকবে সর্বদা।
সম্প্রতি কলকাতা তথা রাজ্য থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। শুক্রবার আবার পার্কস্ট্রিট এলাকা থেকে একজন পাকড়াও হয়েছে। এই অবস্থায় বছর শেষে হোটেলগুলিতেও যে কড়াকড়ি করা হবে তা স্বাভাবিক। সেই নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে, হোটেলগুলিতে যারা থাকতে আসবেন তাদের থেকে যা যা নথি চাওয়া হবে তা দেখাতে না পারলে ঢুকতে দেওয়া যাবে না।