
রুফটপ ক্যাফে-রেস্তোরাঁ নিয়ে বড় সিদ্ধান্তের পথে পুরসভা
শেষ আপডেট: 21 June 2024 20:03
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক বছরে কলকাতায় রুফটপ ক্যাফে-রেস্তোরাঁর সংখ্যা বেড়ে চলেছে। কিন্তু তড়িঘড়ি কম বিনিয়োগে বেশি লাভের আশায় ছাদের উপর অনেক ক্যাফে ও রেস্তোরাঁতেই থাকছে না সঠিক সুরক্ষাবিধি। যার ফলে সাম্প্রতিককালে কলকাতার বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা পুরসভাকে অস্বস্তিতে ফেলেছে। বিশেষ করে অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। কড়া সিদ্ধান্ত নিতে চলেছে পুর কর্তৃপক্ষ।
পুরসভা সূত্রের খবর, কলকাতায় রুফটপ রেস্তোরাঁ বা ক্যাফে কিংবা অন্যান্য বাণিজ্যিক কাজকর্ম চলছে এমন ছাদে যদি আগুনের ব্যবহার বা হিটার ব্যবহার হয়, তাহলে সেই জায়গাগুলি সমীক্ষা করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এই সমীক্ষার রিপোর্ট জমা দিতে হবে। শুধু তাই নয়, ছাদে বাণিজ্যিক কাজের অনুমতি থাকলে সেখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে পুরসভা। যদি সেই রেস্তোরাঁ বা ক্যাফে বেআইনি হয়, তাহলে তা পুরোপুরি ভেঙে দেওয়া হবে।
আজকাল শহরে যত্রতত্র গজিয়ে উঠছে রুফটপ ক্যাফে। যেগুলির বিষয়ে অনেক সময়ে পুরসভার কাছে সঠিক তথ্য থাকছে না। তাই পুর কর্তৃপক্ষের মতে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও মোকাবিলা করা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর সেই কারণে আগামী দিনে এই ধরনের নতুন কোনও রেস্তোরাঁ বা ক্যাফের অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়েও কঠোর সিদ্ধান্ত নেবে পুরসভা।
সম্প্রতি ক্যামাক স্ট্রিট এবং ও কসবার অ্যাক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার জেরে শীঘ্রই কড়া পদক্ষেপ নিতে চায় পুরসভা। দুটি জায়গায় কোনও প্রাণহানি না হলেও আগামী দিনে যাতে শহরে এমন ধরনের বড় বিপত্তি না ঘটে, সেই বিষয়ে সাবধান হতে চায় পুর কর্তৃপক্ষ। এক্ষেত্রে নতুন করে আইন আনার ভাবনায় কলকাতা পুরসভা।