
কলকাতা মেট্রো।
শেষ আপডেট: 16 June 2024 07:19
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগে থেকেই চালু হয়ে গেল মেট্রো। এদিন সকাল ৭টায় দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে আপ ও ডাউন লাইনের মেট্রো চলাচল শুরু হয়েছে।
রবিবার ইউপিএসসি পরীক্ষা দিতে আসবেন বহু পরীক্ষার্থী। ছুটির দিনে সাধারণত লোকাল ট্রেন, বাসও অন্যদিনের তুলনায় কম চলাচল করে। তাই পরীক্ষার্থীদের কথা ভেবে এই বিশেষ ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে ৩০ মিনিট অন্তর মিলবে মেট্রো। তবে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.১৫ মিনিটে। এদিন আপ-ডাউন মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চলাচল করবে।
চলতি সপ্তাহে শনি ও রবিবার শিয়ালদহ শাখায় আবারও বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়েছে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত দমদম ও বরানগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে। একইসঙ্গে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মধ্যে আপ ও ডাউন দুটি লাইনে কাজ চলবে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত। যার জন্য ওই সময়ের জন্য বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট রুটে যাত্রীদের মধ্যে, বিশেষত পরীক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতি মেট্রো কর্তৃপক্ষ সকাল থেকে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়ায় পরীক্ষার্থী-সহ নিত্যযাত্রীরা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।