রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিবর্তন। সকালে কাজে বেরোনো যাত্রীদের জন্য পরিষেবা আরও আগেই চালু হচ্ছে। পাশাপাশি মেট্রোর সংখ্যা বাড়ানোয় ট্রাফিক চাপ কিছুটা কমবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ।

ফাইল ছবি।
শেষ আপডেট: 8 August 2025 21:03
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় মেট্রো (Kolkata Metrog) যাত্রীদের জন্য বড় সুখবর। আগামী সোমবার, ১১ অগস্ট থেকে শহরের একাধিক মেট্রো রুটে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা ও পরিষেবার সময় (number of metros, service timings)। শুক্রবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। পরিবর্তন আসছে গ্রিন লাইন ১ ও ২ এবং পার্পল লাইনে।
গ্রিন লাইন ১ (শিয়ালদহ-সল্টলেক) রুটে আপ ও ডাউন মিলিয়ে এখন প্রতিদিন চলে ১০৬টি মেট্রো। সোমবার থেকে চলবে ১০৮টি। শুধু ট্রেনের সংখ্যা নয়, পরিষেবা শুরু হওয়ার সময়ও এগিয়ে আনা হচ্ছে।
শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৩৫ মিনিটে, আগে ছাড়ত ৬:৫৫-এ। সল্টলেক থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৪০ মিনিটে, আগে ছাড়ত ৭টায়। তবে রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত। রবিবার এই রুটে পরিষেবা থাকবে না, আগের মতোই।
একইভাবে গ্রিন লাইন ২ (হাওড়া ময়দান–এসপ্ল্যানেড) রুটে বর্তমানে চলাচলকারী ট্রেনের সংখ্যা ১৩০টি। সোমবার থেকে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩৪টি-তে। পরিষেবা শুরু হবে সকাল ৭টার বদলে ৬:৩০ মিনিটে।হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড, উভয় দিক থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৩০-এ। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত — রাত ৯:৪৫ মিনিট। রবিবার এই রুটে পরিষেবা থাকবে যথারীতি।
পার্পল লাইন অর্থাৎ জোকা–মাঝেরহাট রুটে এতদিন চলত ৭২টি মেট্রো। এবার সোমবার থেকে চলবে ৮০টি রেক। পরিষেবা শুরুর সময়েও এসেছে বদল। জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫০ মিনিটে (আগে ৮টা)। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭:১৪ মিনিটে (আগে ৭:৫৭)। জোকা থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮:৩৬-এ, (আগে ৮:১৫)। মাঝেরহাট থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮:৫৭-এ, (আগে ৮:১৫)। এই রুটে শনিবার ও রবিবার পরিষেবা থাকছে না, আগের মতোই।
রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিবর্তন। সকালে কাজে বেরোনো যাত্রীদের জন্য পরিষেবা আরও আগেই চালু হচ্ছে। পাশাপাশি মেট্রোর সংখ্যা বাড়ানোয় ট্রাফিক চাপ কিছুটা কমবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ।