ছুটির দিন সকাল ১০.৪৫ মিনিটে রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দেন এক যাত্রী। আপ লাইনে বিভ্রাটে ময়দান–দক্ষিণেশ্বর রুটে সীমিত মেট্রো পরিষেবা চলছে।

ব্যাহত ব্লু লাইন পরিষেবা
শেষ আপডেট: 8 February 2026 12:34
দ্য ওয়াল ব্যুরো: ছুটির দিনে সাত সকালেও কলকাতা মেট্রোয় দেখা দিল অচলাবস্থা। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এক যাত্রী লাইনে ঝাঁপ দেওয়ায় সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই যাত্রীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনার জেরে কলকাতা মেট্রোর ব্লু লাইনের আপ লাইনে সমস্যা দেখা দেয়। ফলে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত অংশে মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে।
কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো লাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই যাত্রী। পরিস্থিতি বুঝে দ্রুত মেট্রো থামিয়ে দেন চালক। নিরাপত্তার কারণে সঙ্গে সঙ্গে মেট্রো লাইনের বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়।
ঘটনার জেরে ভোগান্তির শিকার হন বহু যাত্রী। এক মেট্রোযাত্রী বলেন, “মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে ব্লু লাইনে এই সমস্যাটা বারবার দেখা যাচ্ছে। ফলে আমাদের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে।” আর এক যাত্রীর বক্তব্য, “প্রথমে আমরা বুঝতেই পারিনি কী ঘটেছে। অনেকক্ষণ পরে ঘোষণা করা হয়, এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন।”
উল্লেখ্য, কলকাতা মেট্রোর ব্লু লাইনে মাঝেমধ্যেই এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হচ্ছে যাত্রীদের। গত বৃহস্পতিবারও রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করায় মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। স্টেশনগুলিতে আত্মহত্যা প্রতিরোধে নানা ধরনের সচেতনতামূলক প্রচার চালানো হলেও, বারবার এই ধরনের বিপত্তির জেরে বিশেষ করে অফিস টাইমে চরম সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।