
শেষ আপডেট: 12 April 2024 23:53
দ্য ওয়াল ব্যুরো: সেই যেন থ্রি ইডিয়টস ছবির একটি দৃশ্য। সময়মতো প্রজেক্ট জমা দিতে না পেরে এবং কলেজের চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল এক মেধাবী ছাত্র। কলকাতার আলিপুরে তেমনই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, আলিপুরে একটি হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ। একটি সুইসাইট নোটও পাওয়া গেছে, যাতে লেখা রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়া পছন্দ ছিল না। পরিস্থিতির চাপেই আত্মহননের পথ বেছে নিচ্ছেন তিনি।
পছন্দ ছিল সাহিত্য, কিন্তু পড়তে হচ্ছিল ইঞ্জিনিয়ারিং! তাই কি আত্মহত্যার পথ বেছে নিলেন ছাত্রী? হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে কলকাতার আলিপুরে।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর বাড়ি পশ্চিম মেদিনীপুরে। ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন যোধপুর পার্কের একটি পলিটেকনিক কলেজে। প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। আলিপুরের জাজেস কোর্ট রোডে কলেজের হস্টেলেই থাকতেন ওই তরুণী।
সহপাঠীরা বলছেন, কলেজ থেকে সকলেই ফিরে এসেছিলেন। ঘড়িতে তখন সাড়ে ৬টা। ওই তরুণীর কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় তাঁদের। খবর দেওয়া হয় থানায়। ঘরের দরজা ভেঙে দেখা যায় সিলিং থেকে ঝুলছেন ওই ছাত্রী। পুলিশ জানিয়েছে, একটি সুইসাইড নোটও পাওয়া গেছে সেখানে। তাতে লেখা, 'ইঞ্জিনিয়ারিং লাইনে আমার একদম ইচ্ছা নেই। আমি চাপ নিতে পারছি না। আমার যেখানে ইচ্ছা, আমি সেখানে আর এগোতে পারছি না, তাই আমি চললাম'।
জানা গিয়েছে, সাহিত্যের অনুরাগী ছিলেন ওই তরুণী। কবিতা লিখতে ভালবাসতেন। কিন্তু পরিবার চেয়েছিল তিনি ইঞ্জিনিয়ারিং পড়ুন। পুলিশ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে। শুধুই মানসিক অবসাদ নাকি অন্য কারণও ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।