
ফাইল চিত্র
শেষ আপডেট: 22 December 2024 23:58
দ্য ওয়াল ব্যুরো: ছুটির দিনে অনেকেই ইকোপার্ক ঘুরতে ভালবাসেন। দেশের পর্যটন মানচিত্রে ইকো-পার্কের নাম রয়েছে। শীতের সময় এই ইকোপার্ক দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তাছাড়া ইকো-পার্কের কথা মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে ঘেরা একটি সুন্দর জায়গা। যেখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে মুগ্ধ হবেন যে কোনও পর্যটক। ফলে ডিসেম্বরের এই শীতে মানুষ ভিড় জমাচ্ছেন এই পার্কে।
আজ তার উপর আবার রবিবার। ইতিমধ্যেই আলো দিয়ে সেজে উঠেছে পার্কস্ট্রিট। আলোতে সাজতে শুরু করেছে গীর্জাগুলিও। ২৫ ডিসেম্বরের আগে থেকেই কলকাতার জায়গায়-জায়গায় ভিড় বাড়তে শুরু করেছে। কাতারে-কাতারে মানুষ বেরিয়ে পড়েছেন ইকোপার্কের জন্য। পার্কের কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ রবিবার অফলাইনে ৩৪ হাজার ৫৪০, অনলাইনে ৫ হাজার ৩৪০ টিকিট বুকিং হয়েছে।
কলকাতায় ক্রিসমাসের আমেজ শুরু হতেই পার্ক স্ট্রিটমুখী যান চলাচলে নিয়ন্ত্রণ আনতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। কারণ, রবিবার থেকেই শহরের রাস্তায় নেমেছে মানুষের ঢল। এসপ্ল্যানেড, সেন্ট্রাল, সেন্ট পলস এবং ভিক্টোরিয়ার মতো জায়গাগুলোতে জমায়েত ক্রমশ বাড়ছে।
শুধু তাই নয়, ইকোপার্কেও ভিড় জমাচ্ছেন মানুষজন। তার উপর আবার কয়েকদিন আগেই সেই পার্কে নতুন সংযোজন হয়েছে। জনসাধারণের জন্য খুলে গিয়েছে জাদুঘর। যেটি পুরো সৌরচালিত। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এটি উদ্বোধন করেন। জাদুঘরটির আকৃতি অর্ধবৃত্তাকার। গম্বুজের মতো। সোলার প্যানেলে মোড়া রয়েছে এটি। ইকো পার্কের ভিতরেই গড়ে তোলা হয়েছে এটি। ফলে মানুষ তা দেখতেও ভিড় জমাচ্ছে। এক কথায় শহরের সর্বত্রই উৎসবের উন্মাদনা স্পষ্ট।