
প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 February 2025 07:39
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ভূমিকম্প (Kolkata Earthquake)। সকাল সকাল কেঁপে উঠল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ওড়িশা (Odisha) ও বাংলাদেশেও (Bangladesh) কম্পন টের পাওয়া গিয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূমিকম্প হয়। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগর এবং ৯১ কিলোমিটার গভীরে। তাদের প্রকাশ করা ছবিতে এটা পরিষ্কার যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল ও তৎসংলগ্ন অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। ওপারবাংলার পশ্চিম প্রান্তের উপকূলের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
বস্তুত, চলতি বছরের জানুয়ারি মাসের ৭ তারিখ ভোরবেলা কেঁপে উঠেছিল কলকাতা-সহ গোটা দেশ। সেই বার উৎসস্থল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া যায় চিন, ভুটানেও। এই আবহে ফের কেঁপে উঠল কলকাতা।
এখনও অবধি ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি। গত সপ্তাহেই দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া।