
অতীন ঘোষ
শেষ আপডেট: 24 February 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনার (Road Accident) কবলে মেয়র পারিষদ অতীন ঘোষ (Atin Ghosh)। একটি সরকারি বাসের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। জানা গেছে, কলকাতা পুরসভায় (KMC) আসার পথে তালতলাতে ঘটে এই দুর্ঘটনা।
সোমবার কলকাতা পুরসভার বাজেট নিয়ে আলোচনা হবে। সেই বাজেট-বৈঠকে যোগ দিতেই আসছিলেন অতীন ঘোষ। তালতলায় বাসের ধাক্কায় তাঁর গাড়ির সামনের অংশ তুবড়ে যায়। তবে স্বস্তির খবর, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
অতীন ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ''আমি গাড়ির সামনের সিটে বসেছিলাম। তালতলার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আমার ড্রাইভার ধরে নিয়েছিল বাসের গতি কম থাকবে। বাঁ-দিকে প্রশস্ত জায়গা ছিল বাস ঘোরানোর জন্য। আমার গাড়ি ডানদিকে চেপে টার্ন নিচ্ছিল। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।'' যদিও এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেননি অতীন ঘোষ। তাঁর কথায়, পুরসভায় আসার তাড়া ছিল তাই আর অভিযোগ করেননি। পুলিশ যদি স্বতঃপ্রণোদিতভাবে কোনও মামলা করে তাহলে করতে পারে।
এদিনই কলকাতায় দুটি বড় দুর্ঘটনা ঘটে গেছে। এক্সাইড মোড়ে দুটি বাসের রেষারেষির জেরে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ওয়েলিংটন মোড়ে স্কুলবাসের চাকায় পিষ্ট হন একজন। এক্সাইড মোড়ে একটি সরকারি বাস এবং ২২২ নম্বর রুটের একটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে ২২২ নম্বর রুটের বাসটি ধাক্কা মারে এক মহিলাকে। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, ওয়েলিংটন মোড়ে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর নাম শান্তি দেবী (৭৬)। প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুলবাসটি অত্যন্ত গতিতে আসছিল। কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়েই ধাক্কা মারে ওই বৃদ্ধাকে। সঙ্গে সঙ্গে তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি।