
শেষ আপডেট: 14 April 2024 07:24
দ্য ওয়াল ব্যুরো: করব, লড়ব, জিতবে রে...। এই স্লোগান তো বহুচর্চিত। নাইটদের নয়া স্লোগান, থামব না, ঝুকব না, আমরা কেকেআর...।
রবিবার বাংলা নববর্ষের দিন শুভ সন্ধিক্ষণে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। কলকাতার এটি পাঁচনম্বর ম্যাচ, আর কেএল রাহুলের দলের এটি ছয় নম্বর খেলা।
শেষ ম্যাচে দিল্লির কাছে তারা হেরেছে। জয়ের জন্য তারা মরিয়া। কলকাতার কাছে এই দিনটি বিশেষ অর্থবহ। যতই দলে ভিনরাজ্যের ও বিদেশি ক্রিকেটারের রমরমা থাকুক না কেন, নতুন বছরের প্রথম দিনে হার মানে অনেকটা পিছিয়ে যাওয়া। শুধু পয়েন্ট তালিকায় পিছনো নয়, বরং মানসিকভাবে, সমর্থকদের কাছেও হার হবে। ওই হারের জ্বালা খুব কষ্টের।
ইডেনে বিকেলে ম্যাচ শুরু। টসে জিতলে এই উইকেটে ব্যাটিং নিয়ে বিপক্ষের ওপর চাপ রাখলে সবচেয়ে ভাল। কিন্তু আইপিএলের ক্রিকেটে কোনও ব্যকরণ চলে না। তাই টস জিতলে কারা কী নেবে, অঙ্ক মেলানো খুব কঠিন। লখনউ দলে এমন কয়েকজন তারকা রয়েছেন, যাঁরা ম্যাচের রং বদলে সিদ্ধহস্ত। রয়েছেন কুইন্টন ডি’কক, দলের অধিনায়ক রাহুল তো রয়েছেনই, উপরন্তু নিকোলাস পুরান, মার্কাস স্তোইনিসরাও বিগহিটার।
কলকাতা শেষ ম্যাচে যেভাবে ব্যাটিং ভরাডুবিতে হেরেছে, ফের বড় রান করতে পারলে তবেই শান্তি। মাঠে থাকবেন শাহরুখ খান। যিনি ম্যাচের মোড় বুঝে মাঠে আসার সিদ্ধান্ত নেন। হেরে দলের ছেলেদের সামনে দাঁড়াতে চান না।
নারিন, রাসেল, শ্রেয়স, সল্ট, রিঙ্কু, বেঙ্কটেশ, ব্যাটিং ক্লিক করে গেলে বিপক্ষ থই খুঁজে পাবে না। বোলিংয়ে মিচেল স্টার্ক ছন্দ পাননি, তাঁকে চাপ সামলে ভাল পারফরম্যান্স করতে হবে। মেন্টর গম্ভীরের কাছে এই ম্যাচ পরীক্ষার। গতবার যে দলের শিক্ষক ছিলেন, ট্রান্সফার হয়ে কেকেআর দলে এসে না জিতলে দৃষ্টিকটু বিষয় হবে।
লখনউ দল এ ম্যাচে মোহনবাগানের সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামবে। আবার সোমবার আইএসএলে যুবভারতীতে বাগানের ম্যাচ রয়েছে মুম্বই সিটি এফসি-র বিপক্ষে। ওই ম্যাচে আবার থাকার কথা আবার গোটা লখনউ সুপার জায়ান্টস দলের।
দুটি দলের এক মালিক হলে যা হয় আর কী! সঞ্জীব গোয়েঙ্কার কাছে রবি ও সোম দুটি দিনই মর্যাদারক্ষার লড়াই। ইডেনে জিতে গেলে সোমবার সপ্তাহের প্রথম দিনে দ্বিগুণ উৎসাহে মুম্বই বধ করে লিগ-শিল্ড জয়ের জন্য ঝাঁপাতে বলবেন দিমিত্রি পেত্রাতোসদের।