
শেষ আপডেট: 16 February 2024 00:09
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় যুবককে অপহরণের চেষ্টা। বিষয়টি আঁচ করেই পিছু ধাওয়া করেন পুলিশের এক কনস্টেবল। ধরে ফেলেন এক দুষ্কৃতীকেও। তাকে জেরা করে বাকি অভিযুক্তদের পাকড়াও করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত যুবককেও।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। রাস্তায় ডিউটিতে ছিলেন পুলিশের কনস্টেবল মানিকলাল মোহান্তি। হঠাৎই তাঁর নজরে পড়ে এক যুবককে চার-পাঁচ মিলে জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে। পিছু ধাওয়া করে এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন।
বাকিরা অবশ্য ওই যুবককে নিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, ধৃতকে ধরে থানায় নিয়ে আসেন মানিকলাল। পুলিশি জেরার মুখে ওই যুবক জানায়, অপহৃতর নাম শুভদীপ রায়। হাওড়ার মহেশ পাল লেন এলাকার বাসিন্দা।
অভিযুক্তকে নিয়ে এরপর বালিগঞ্জের কড়েয়া থানা এলাকার চমরু খানসামা লেনের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করে পুলিশ। অপহরণের ঘটনায় যুক্ত বাকি তিন অভিযুক্তকে সেখান থেকেই পাকড়াও করে পুলিশ। যে গাড়িতে করে যুবককে অপহরণ করা হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করা হয়।
কী কারণে এই অপহরণ তা অবশ্য স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। অপহরণ কাণ্ডে আর কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
একই সঙ্গে ওই কনস্টেবলের প্রশংসা করছেন পুলিশের কর্তারা। সাহসিকতার জন্য তাঁকে পুরষ্কৃত করা হতে পারে বলে সূত্রের খবর। পুলিশের এক কর্তা বলেন, "ওই কনস্টেবলের সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির তারিফ করতেই হবে। তা না হলে অপহৃত যুবককে উদ্ধার করতে হয়তো অনেকটা সময় লেগে যেত।"