
জ্যোতিপ্রিয় মল্লিক
শেষ আপডেট: 20 November 2024 18:32
দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কলকাতার বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এই বিষয় সম্পর্কে ইডি জানত না বলেই জানিয়েছিল। তাই তাঁরা ওই হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছিল। বুধবার অবশ্য জ্যোতিপ্রিয়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতেও হাজিরা দিয়েছেন জ্যোতিপ্রিয়।
রেশন দুর্নীতি ইস্যুতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির করা মামলার শুনানি ছিল গত বৃহস্পতিবার। কিন্তু সেইদিনই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে তিনি হাসপাতালে ভর্তি। এই বিষয়টিতে জেল কর্তৃপক্ষের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছিল ইডি। কারণ তাঁরা জানতই না যে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই ওই বেসরকারি হাসপাতালকে চিঠি দিয়ে তাঁরা জানতে চেয়েছিল জ্যোতিপ্রিয় কেমন আছেন, কী হয়েছে, কবে ছাড়া পাবেন।
বুধবার ফের এই মামলার শুনানি ছিল। অনুমান করা হয়েছিল, এই দিনও জ্যোতিপ্রিয় মল্লিক আদালতে হাজিরা দিতে পারবেন না। কিন্তু দুপুরের পরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। পরে তাঁকে ভার্চুয়ালি আদালতের হাজির করানো হয়। তবে তিনি কবে জামিন পাবেন তা এখনও স্পষ্ট নয়। এর আগে একাধিকবার অসুস্থতার কারণে জ্যোতিপ্রিয়র জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। যদিও তার বিরোধিতা করে জামিনের বিপক্ষে একাধিক তথ্য দিয়েছে ইডি।
গত বছরের অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় 'বালু'কে গ্রেফতার করেছিল ইডি। পরের দিনই আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। মাঝে কিছুদিন হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে আদালতের নির্দেশে প্রেসিডেন্সির জেল হাসপাতালেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর চিকিৎসারও ব্যবস্থা করা হয়। কিন্তু সম্প্রতি তাঁর শরীর আরও খারাপ হওয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।