
সাগর দত্ত হাসপাতাল
শেষ আপডেট: 14 November 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো: এবার সাগর দত্ত হাসপাতালের এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে প্রাইভেটে প্র্যাকটিস করার অভিযোগ উঠল। জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন এই মর্মে রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠিয়ে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে পদক্ষেপের কথাও জানিয়েছে।
সাগর দত্ত হাসপাতালের পালমোনলজি ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পিজিটি মনোজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিযোগ, তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নিয়ম না মেনে প্রাইভেটে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের নিয়ম অনুসারে প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা রয়েছে। তার পরও তিনি প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন।
শুধু তাই নয়, ডাক্তারদের পাল্টা সংগঠনের তরফে বলা হয়েছে অভিযুক্ত চিকিৎসক সাগর দত্ত হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতিও। তার পরও কী করে নিয়ম ভেঙে একটি বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখছেন সেটাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
রাজ্যের সাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে পাঠানো ওই চিঠিতে সংগঠনের তরফে বেসরকারি হাসপাতালের রোগী দেখার বুকিং লিঙ্ক ও অভিযুক্ত চিকিৎসকের প্রাইভেট প্র্যাক্টিসের চেম্বারের লোকেশনও উল্লেখ করে দিয়েছেন। তাঁদের বক্তব্য, যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে যেন চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হয়।