
কলকাতা মেট্রো
শেষ আপডেট: 23 January 2025 17:38
দ্য ওয়াল ব্যুরো: এবার কবি নজরুল মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত বন্ধ পরিষেবা। বৃহস্পতিবার ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-এ মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটে।
জানা যাচ্ছে, বিকেল সাড়ে ৪টে নাগাদ আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে গড়িয়া বাজার সংলগ্ন ওই স্টেশনে। খবর পেতেই সঙ্গে সঙ্গে স্টেশন খালি করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীকে উদ্ধার করতে থার্ড লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। যার কারণে ভোগান্তির শিকার অফিস ফেরত যাত্রীরা। কখন পরিষেবা চালু হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ।
বিগত কয়েক মাস ধরেই কলকাতা মেট্রোয় একাধিক আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। তার জেরে হামেশাই ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। কীভাবে আত্মহত্যা ঘটনা ঠেকানো যায় তার জন্য নানা পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেল বসানো হয়েছিল। যদিও তাতে কিছু লাভ হবে না বলেই মত আমজনতার। কারণ গার্ডরেলগুলির মাঝে যথেষ্ট ফাঁক রয়েছে এবং এইভাবে ছোট ছোট গার্ডরেল বসিয়ে এমন ঘটনা আটকানোয় যায় না।
গার্ডরেল ছাড়াও বিশেষ ফ্লেক্স লাগিয়ে আত্মহত্যা আটকানোর চেষ্টা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। গিরীশ পার্ক, কালীঘাট-সহ বেশ কয়েকটি মেট্রো স্টেশনে হয়েছে এই ফ্লেক্স। তাতেও লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনায় রাশ টানা যাচ্ছে না। এই ঘটনা এখন রোজকার।
কলকাতা পূর্ব-পশ্চিম মেট্রো রেলের প্রত্যেকটি স্টেশনে প্ল্যাটফর্মের দুই ধারে দরজার মতো রয়েছে যা ট্রেনের কামরার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা। ট্রেন প্ল্যাটফর্মে এসে থামার পরই সেই দরজা খোলে। ফলে কারও পক্ষেই সেই নিরাপত্তাবেষ্টনী টপকে লাইনে ঝাঁপ দেওয়া অসম্ভব। কিন্তু ব্লু লাইনে এই সিস্টেম নেই।