
ফাইল ছবি
শেষ আপডেট: 24 April 2025 00:18
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থীদের (Jobless Teachers) পক্ষ থেকে বুধবার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের (West Bengal Board of Primary Education) সামনে ধর্না বিক্ষোভ করা হয়েছিল। প্রাথমিকের শূন্যপদের পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রকাশ ও অবিলম্বে ন্যূনতম ৫০ হাজার শূন্যপদে দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা। করুণাময়ী থেকে মিছিল করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অবস্থান হয়েছিল। তবে চেয়ারম্যানের কাছে সেই দাবি পৌঁছে দিতে পারেননি তাঁরা।
বুধবার বিক্ষোভকারীদের এক প্রতিনিধি প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে গেছিলেন। কিন্তু ভিতরে তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বরং রিসেপশনে যিনি ছিলেন তিনি তাঁর দাবিগুলি শুনে তাঁকে ফেরত পাঠিয়ে দেন বলে অভিযোগ। পরে পুলিশের কাছে তারা আবেদন জানান চেয়ারম্যানের সঙ্গে কথা বলানোর জন্য। অভিযোগ, পুলিশের তরফ থেকে বলা হয় 'আমরা এসব পারব না'। এরপরই পুলিশের সঙ্গে বচসা হয় তাদের। এই ঘটনায় একাধিককে আটক করে পুলিশ।
এদিন শিয়ালদহ থেকে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে মিছিল করে যাওয়ার কথা ছিল চাকরিপ্রার্থীদের। তবে পুলিশ অনুমতি না দেওয়ায় পরে করুণাময়ী থেকে মিছিল করে তাঁরা সংসদ অফিসে পৌঁছন। সেখানেই চলছে ঘেরাও অভিযান। চাকরিপ্রার্থীদের সাফ কথা, "সাত বছর ধরে পথে বসে রয়েছি, সরকার শুধু ললিপপ দেখাচ্ছে। ভাঁওতাবাজি করছে। দ্রুত নিয়োগের নোটিফিকেশন জারি করে যোগ্যদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে"।
তাঁদের এও বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে নবান্ন থেকে দাবি করছেন, ১ লাখ শূন্যপদ আছে কিন্তু তিন বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও নোটিফিকেশন প্রকাশ করা হয়নি রাজ্য সরকারের দিক থেকে। তাহলে কার স্বার্থে নিয়োগ আটকে রাখা হয়েছে? এই প্রশ্ন তোলা হয়েছে।