
নিজস্ব ছবি
শেষ আপডেট: 9 April 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারাদের (Jobless Teachers) কসবার ডিআই অফিস (Kasba DI Office) অভিযানে মারাত্মক ঘটনা ঘটে গেছে। পুলিশ তাঁদের লাঠিচার্জ (Police Lathicharge) করে। শুধু তাই নয়, চড়, ঘুষি, ধাক্কা মেরে ফেলে পেটানো হয়েছে বলেও অভিযোগ। এরপর থেকেই ডিআই অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভে বসেন চাকরিহারারা। সেই অবস্থানে জল এনে দিয়েছিল পুলিশ। কিন্তু তা নিয়ে অস্বীকার করেন বিক্ষোভকারীরা।
ডিআই অফিসে চাকরির দাবিতে গেছিলেন চাকরিহারারা। সেখানেই তাঁদের লাঠিপেটা করা হয়। এই ঘটনায় একাধিক চাকরিহারা শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। দাবি কয়েকজনের হাত-পাও ভেঙেছে। এত বড় ঘটনায় পর সেই পুলিশের হাত থেকে জল পর্যন্ত খেতে চান না কেউ। তাই পুলিশের দেওয়া জলের বোতল ফিরিয়ে দিয়েছেন চাকরিহারারা।
এই মুহূর্তে বিক্ষোভ চলছে চাকরিহারাদের। কসবার ডিআই অফিসের সামনে চাপা উত্তেজনা বহাল। তার মধ্যেই পুলিশের 'মানবিক' আচরণে যেন আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন চাকরিহারারা। তাঁদের বলতে শোনা যায়, 'সকালে আমাদের লাঠিপেটা করে ডিউটি করেছেন, এখন জল নিয়ে আসছেন? লজ্জা নেই।' আবার কেউ বলেন, 'আপনাদের দেওয়া জলের আমাদের প্রয়োজন নেই। ফিরিয়ে নিয়ে যান।' কান্নাভেজা গলায় একজন এও বললেন, 'জলের বদলে আমাদের বিষ দিক। মেরে ফেলুক।'
চাকরিহারাদের বক্তব্য, নির্দেশ না থাকলে এমন করতে পারে না পুলিশ। তাঁরা কোনও রাজনৈতিক দলের সদস্য নন। কোনও রাজনৈতিক কর্মসূচিও ছিল না এটা। তাহলে কেন পুলিশ এমন আচরণ করবে? তাহলে চাকরি চাইতে যাওয়াটা কি তাঁদের অপরাধ হয়ে গেল? প্রশ্ন তুলছেন তাঁরা। সংবাদমাধ্যমের সামনে এক চাকরিহারা প্রশ্ন তোলেন, 'একদিকে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে। অন্যদিকে, পুলিশ চাকরিহারাদের ওপর লাঠিচার্জ করছে! আমাদের কী অপরাধ?' এই কারণেই পুলিশের দেওয়া জল তাঁরা ছুঁয়েও দেখবেন না বলে জানিয়েছেন।
বুধবার সকালে চাকরিহারাদের একাংশ জড়ো হন কসবার ডিআই অফিসের সামনে। তবে তাঁদেরকে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার জন্য সকাল থেকেই কড়া ব্যবস্থা নিয়েছিল পুলিশ। ব্যারিকেডের তো ছিলই, ডিআই অফিসের গেটে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেই তালা ভেঙেই ডিআই অফিসের ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা। তারপরই পুলিশের লাঠির ঘায়ের মুখে পড়েন তাঁরা।
পুলিশের তরফে অবশ্য বলা হচ্ছে, চাকরিহারারা নিয়ম ভেঙেছিলেন। আগেই পুলিশকর্মীরা আহত হন। তাই পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয়েছে।