
শেষ আপডেট: 12 October 2023 09:10
দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়াদের বিক্ষোভে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দাবিদাওয়া নিয়ে একাধিকবার ধর্নায় বসতে দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের। কিন্তু উপাচার্য ধর্নায়! এমনটা হয়তো এই প্রথম ঘটল যাদবপুরে। সূত্রের খবর, বুধবার রাত থেকে ধর্নায় বসেছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ-সহ ইসির কয়েকজন সদস্য। মূলত পড়ুয়াদের বিরুদ্ধে নিগ্রহ করার অভিযোগ তুলেই তাঁরা অরবিন্দ ভবনের সামনে ধর্না আন্দোলন শুরু করেন।
সূত্রের খবর, বুধবার দুপুরে হঠাৎই ইসির বৈঠক ডাকা হয়েছিল। উদ্দেশ্য ছিল ছাত্রমৃত্যু এবং ডেঙ্গু সংক্রান্ত বিষয় বাদে বাকি আরও নানা বিষয় নিয়ে আলোচনা করা। এদিকে সেই বৈঠকে যোগ দিয়েছিলেন পড়ুয়ারাও। কিন্তু বৈঠক শুরু হতেই তাঁরা লাগাতার স্লোগান শুরু করেন। টানা কয়েক ঘণ্টা এরকম চলার পর শেষে ধর্নায় বসার সিদ্ধান্ত নেন উপাচার্য, সহকারী উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অফ সায়েন্স-সহ আরও বেশ কয়েকজন। বুদ্ধদেবের দাবি, ইসির বৈঠকে তাঁরা পড়ুয়াদের হাতে নিগ্রহের শিকার।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত ২৬ সেপ্টেম্বর ইসির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেদিন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সমস্ত বিষয়ে আলোচনা কোনওভাবেই সম্ভব হয়নি। সে কথা নিজেও জানিয়েছিলেন বুদ্ধদেব। সে দিনের বৈঠক শেষ হওয়ার পর আবার ইসির বৈঠক কবে হবে, তাও নিশ্চিত করে কিছু বলা হয়নি। কিন্তু বুধবার হঠাৎ করেই বৈঠক ডাকা হয়। মনে করা হচ্ছে, এতেই ক্ষেপে যান পড়ুয়ারা। তারপর বৈঠক চলাকালীন শুরু হয় তাঁদের স্লোগান, আন্দোলন। যার জেরেই এখনও ধর্নায় উপাচার্য।
(এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উপাচার্য এবং ইসি সদস্যদের ধর্না চলছে বলেই জানা গিয়েছে।)