
শেষ আপডেট: 16 December 2023 11:08
দ্য ওয়াল ব্যুরো: বহু টালবাহানার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে জট কাটল। উচ্চশিক্ষা দফতরের তরফে সমাবর্তন করার বিষয়ে মিলেছে অনুমতি। আর সেই মতো জরুরি ভিত্তিতে কর্মসমিতির বৈঠক ডাকল কর্তৃপক্ষ। আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্ম সমিতি বা ইসি বৈঠক ডাকা হয়েছে। রেজিস্ট্রার স্নেহমঞ্জু এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন।
গত ৮ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে সমাবর্তন, বিশ্ববিদ্যালয়ের বাজেট সহ একাধিক বিষয় নিয়ে বিকাশ ভবনে বৈঠক করেছিলেন যাদবপুরের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। সেই সময় দফতরের তরফে তাদের একক এজেন্ডা অর্থাৎ সমাবর্তন নিয়ে কর্ম সমিতির বৈঠক ডাকার জন্য উচ্চ শিক্ষা দফরের কাছে চিঠি দিতে বলা হয়েছিল। কর্তৃপক্ষ সেই মতো চিঠি পাঠালে তার উত্তরে সমাবর্তন সম্পর্কিত ইসি বৈঠক ডাকার অনুমতি দেয় উচ্চশিক্ষা দফতর। আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব।
শুধু কর্মসমিতির বৈঠক নয়,সূত্রের খবর, সমাবর্তন করার জন্য উচ্চ শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকেরও অনুমতি দিয়েছে। যদিও কোর্ট বৈঠক করতে গেলে রাজ্যপালেরও অনুমতি পাওয়া জরুরি। সেই অনুমতি এখনও পাওয়া যায়নি বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। উচ্চ শিক্ষা দফতর জানিয়ে দিয়েছে, কর্মসমিতি, কোর্ট-দুই বৈঠক শুধুমাত্র সমাবর্তনের বিষয় নিয়ে করা যাবে। দুই বৈঠকে হওয়া সিদ্ধান্ত ২০১৯ সালের বিধি অনুযায়ী যখন স্থায়ী উপাচার্য আসবেন, তাঁর অনুমোদন নিয়ে নিতে হবে।
উল্লেখ্য,স্থায়ী উপাচার্যের অভাবে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বন্ধ হয়ে রয়েছে কয়েক বছর ধরে। বেশির ভাগ জায়গাতেই এখনও কোর্ট, কর্মসমিতি গঠন হয়নি। কোর্টের মিটিং ছাড়া, সমাবর্তন সম্ভব নয়। উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, স্থায়ী উপাচার্য ছাড়া এই ধরনের কমিটির বৈঠকের অনুমতি দেওয়া সম্ভব নয়।
এদিকে দিনকয়েক আগেই উচ্চশিক্ষা দপ্তরের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যপাল তথা আচার্যের থেকে আইনি ব্যাখ্যা নিয়ে সিন্ডিকেট বৈঠক করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। আর এবার উচ্চশিক্ষা দফতরের ছাড়পত্র পাওয়ার পরই কর্মসমিতির বৈঠক ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয়।