প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 March 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: অফিস টাইমে (Office Time) কাজের মধ্যে অফিসের বহুতল থেকে ঝাঁপ দিলেন (Jump) এক কর্মী। ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে নিউটাউন (Newtown) আইটি সেক্টরে (IT Sector) রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, বুধবার এমনি কর্মব্যস্ত দিন, তার উপর চলছে মার্চ মাসের চাপ। বুধবার যখন অনান্য কর্মীরা ব্যস্ত তখনই আইটি সেক্টরের ৬ তলা থেকে দ্বৈপায়ন ভট্টাচার্য নামে ৪০ বছর বয়সি ওই কর্মী ঝাঁপ দেন বলে অভিযোগ। কিন্তু কী কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন তা জানার চেষ্টা করছে পুলিশ।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো ওই কর্মী বুধবারও অফিস গিয়েছিলেন। কিন্তু সেখানেই দুপুরের পর এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আইটি কর্মীকে হাসপাতালে ভর্তি করে।
দিনেদুপুরে এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই অফিস পাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে অফিসের অনান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মানসিক কোনও সমস্যা নাকি চাকরির চাপে কর্মী এমন কাণ্ড ঘটিয়েছেন তা জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বর্তমানে নিউটাউনেই একটি নার্সিং হোমে চিকিৎসা চলছে কর্মীর। নাম জানা গেলেও এখনও পুরো পরিচয় জানা যায়নি।
সল্টলেকের অফিস পাড়ায় এমন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও গত বছরের ডিসেম্বরে সেক্টর ফাইভের এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সেন্ট্রাল ওয়ারহাউস কর্পোরেশনের কর্মী পরিবেশ চট্টোপাধ্যায় নামে এক যুবক। পরে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।