
গ্রাফিক্স, দ্য ওয়াল।
শেষ আপডেট: 26 April 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: ২১ এপ্রিলের পর ২৬ এপ্রিল। পাঁচদিনের ব্যবধানে ফের ঘরের মাঠে খেলবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই উপলক্ষ্যে গত সোমবারের পর আজ শনিবার মধ্যরাতেও স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো (kolkata Metro)।
শনিবার ইডেন গার্ডেনসে (Eden) ঘরের মাঠ পঞ্জাব সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। মেট্রোর তরফে জানানো হয়েছে, আগেরবার এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটেও মধ্যরাতে এই স্পেশাল পরিষেবা দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট অংশে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। যে কারণে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে এই পরিষেবা মিলবে না।
তবে অতিরিক্ত পরিষেবা পাওয়ার জন্য যাত্রীদের টিকিট পিছু দশ টাকা করে অতিরিক্ত মূল্য দিতে হবে। রেলের তরফে জানানো হয়েছে, মধ্যরাতে বিশেষ মেট্রো চালানোর জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং কলকাতা নাইট রাইডার্স-এর পক্ষ থেকে মেসার্স গেমপ্ল্যান্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষর কাছে আবেদন জানিয়েছিল। সেই আবেদন মেনেই এই সিদ্ধান্ত।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ইডেনে নাইটদের খেলা উপলক্ষ্যে এদিন রাত ১২টায় এসপ্ল্যানেড স্টেশন থেকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের উদ্দেশে চালানো হবে স্পেশাল এই জোড়া ট্রেন। যাত্রাপথের সমস্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন। তবে মধ্যরাতের এই পরিষেবার জন্য যাত্রীদের সাধারণ ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে।