
সুদীপ্ত রায়
শেষ আপডেট: 1 October 2024 16:56
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্তে আগেই নাম উঠে এসেছে তৃণমূল বিধায়ক তথা রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের। কলকাতা মেডিক্যাল কলেজের ল্যাবরেটরিতেও দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই এবার গঠন করা হল তদন্ত কমিটি।
কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মেডিক্যাল কলেজ স্টুডেন্টস ইউনিয়নের অভিযোগ, সুদীপ্ত রায়ের নির্দেশেই হাসপাতালে বেলাগাম দুর্নীতি হয়েছে। টাকার বিনিময়ে হাসপাতালের বেড বিক্রি থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল বিধায়কের নামে। সুদীপ্ত একা নন, মেডিক্যাল কলেজের প্যাথলজিস্ট জয়ন্ত সেনও জড়িত রয়েছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধেও তদন্ত করবে এই কমিটি।
মেডিক্যাল কলেজ স্টুডেন্টস ইউনিয়নের আরও অভিযোগ, হাসপাতালে দু’জনের প্রশ্রয়ে রীতিমতো ‘দালাল চক্র’ চলছে। মোটা টাকা খরচ করলে তবেই বেড পাচ্ছেন রোগীরা। বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও লাভ হয়নি। সেকারণেই শনিবার সুদীপ্ত ও জয়ন্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছিল ছাত্রদের সংগঠন।
গত শুক্রবারই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন আরজি কর হাসপাতালে দীর্ঘদিন জিনিসপত্র সরবরাহকারী এক সংস্থার প্রধান সুব্রত বসু। হাওড়ার ওই সংস্থার প্রধানের অভিযোগ, আরজি করের নাম করে সরকারি টাকায় কেনা চিকিৎসা সামগ্রী পৌঁছে যেত তৃণমূল বিধায়ক তথা রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সিঁথির নার্সিংহোমে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে পরামর্শ করেই বিনা পয়সায় পুরনো চিকিৎসা সামগ্রী, যন্ত্রপাতি বিনা পয়সায় নিজের সিঁথির নার্সিংহোমে দিতেন তৃণমূল বিধায়ক, এমনটাই অভিযোগ।