অল্পের জন্য রক্ষা। কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে ধাক্কা গাড়ির।

ইন্ডিগো বিমান
শেষ আপডেট: 8 April 2026 00:17
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। মঙ্গলবার রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর-এ দাঁড়িয়ে থাকা অবস্থায় ইন্ডিগোর একটি বিমানের ইঞ্জিনে ধাক্কা মারে ফ্লাইট কেটারিংয়ের একটি গাড়ি, এমনটাই অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য ইন্ডিগোর এয়ারবাস ৩২০ বিমানটি ৫১ নম্বর স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। তখন রাত প্রায় ৯টা। যাত্রীরা তখনও বিমানে ওঠেননি, কারণ বোর্ডিং শুরু হতে দেরি হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় একটি কেটারিং গাড়ি বিমানের কাছাকাছি এসে দাঁড়ায়। বিমানবন্দর সূত্রে খবর, গাড়ির চালক হ্যান্ড ব্রেক না তুলেই গাড়ি থেকে নেমে যান। এরপর গাড়িটি গড়িয়ে গিয়ে সরাসরি বিমানের ইঞ্জিনে ধাক্কা মারে।
এই ঘটনায় কেউ আহত না হলেও বিমানটির যথেষ্ট ক্ষতি হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বিমানটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে রাখা হয়েছে। পরে ওই বিমানের যাত্রীদের অন্য একটি বিমানে করে গুয়াহাটি পাঠানো হয়।
উল্লেখ্য, এর আগেও সোমবার রাতে একই বিমানবন্দরে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটে। প্রবল ঝড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাডার-কার ২৩ নম্বর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বোয়িং বিমানে ধাক্কা মারে। সেই বিমানটিকেও পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় খারাপ আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য বিমান ওঠানামা ব্যাহত হয়। প্রায় আধঘণ্টা পরিষেবা বন্ধ থাকায় একাধিক বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।