
প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 November 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো: প্রধানত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছোটো ছোটো ছেলে-মেয়েদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের মাধ্যমে হিউম্যান ট্রাফিকিং-এর ঘটনা ঘটছে। আরপিএফ খোঁজ খবর করে জানতে পারে, অনেক সময় কিছু অল্প বয়সী শিশু-কিশোরীরা একা একা ট্রেনে যাতায়াত করছে।
এক্ষেত্রে দেখা যায় সেই শিশু-কিশোরীরা নিজেদের বয়স গোপন করছে। বলছে আত্মীয়ের সঙ্গে ক্যাটারিং বা বিউটি পার্লারের কাজে যাচ্ছে। সে ব্যাপারে সন্ধান চালিয়ে জানা যায় গোটা ঘটনাটিই সম্পূর্ণ ভুয়ো এবং তাদের বক্তব্য সম্পূর্ণ মিথ্যে।
শিশু ও কিশোর-কিশোরীদের পাচার হয়ে যাওয়া আটকাতে দূরপাল্লার ট্রেনে অভিযান চালায় পূর্বরেল। কেবল নভেম্বর মাসে এ পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করেছে তারা। অভিযোগ, বহু ক্ষেত্রেই ধরা পড়ার ঝুঁকি এড়াতে পাচারকারীরা ওই সব শিশু-কিশোরদের ট্রেনের টিকিট কেটে সফরের ব্যবস্থা করে দিয়েছিল।
সম্প্রতি উত্তর ২৪ পরগনার বাসিন্দা এক কিশোরীর খোঁজ করতে গিয়ে তাকে উদ্ধার করার পাশাপাশি আরও এমন পাঁচ জনের খোঁজ পায় আরপিএফ। তদন্ত করে সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।