
শেষ আপডেট: 7 December 2023 11:38
দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে শহরে ফের অভিযান চালাল কেন্দ্রীয় এজেন্সি। ইডি-সিবিআইয়ের পরে এবার আয়কর দফতরের কর্তারা হানা দিল বাইপাসের ধারে এক অভিজাত আবাসনে। সূত্রের খবর, ওই বহুতলের একটি ফ্ল্যাটে সকাল থেকে আয়কর দফতরের তল্লাশি চলছে। বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে ওই ফ্ল্যাটে বসবাসকারী ব্যবসায়ীর বিরুদ্ধে।
অভিজাত আবাসনের ইটিসি লবির ১২৯ নম্বর ফ্ল্যাটে থাকেন ব্যবসায়ী। আয়কর দফতরের কর্তারা জানিয়েছেন, ওই ব্যবসায়ীকে আয়কর রিটার্নের ফাইল জমা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা দেননি। তাই এদিন ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁর কাছে থাকা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
আয়কর দফতরের কর্তারা জানতে চাইছেন, এই ব্যক্তি কী ধরনের ব্যবসা করেন, কার কার সঙ্গে আর্থিক লেনদেন হয় তাঁর, ব্যবসা কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে। ব্যাবসায়ীর ব্যাঙ্কের নথিপত্রও দেখা হচ্ছে। আয়কর দফতরের কর্তারা বলছেন, ওই ব্যবসায়ী তাঁর আয় বহির্ভূত সম্পত্তির কোনও হিসেবই দিতে পারছেন না।
নানা ক্ষেত্রে দুর্নীতির তদন্তে কলকাতায় একাধিক কেন্দ্রীয় সংস্থা তল্লাশি অভিযান চালাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি নিয়েও তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআইয়ের টিম। এর মাঝেই বেআইনি আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তের কারণে মাঝেমধ্যেই আয়কর দফতরের আধিকারিকরা হানা দিচ্ছেন শহরের বিভিন্ন জায়গায়।
গত জানুয়ারি মাসেই তৃণমূল মেয়র পারিষদ আমির উদ্দিন ববির হোটেলে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। পাশাপাশি, সেই সময় মুর্শিদাবাদের সুতির তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কারখানায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। সামশেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরি, বিজলি বিড়ি ফ্যাক্টরি, শিব বিড়ি ফ্যাক্টরিতেও হানা দেন তাঁরা।
গত ৪ ডিসেম্বর নিউটাউনে এক ব্যাঙ্ক কর্মীর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোটি কোটি টাকার প্রতারণা মামলায় তদন্ত করছে সিবিআই। সেই সূত্রেই শহরের নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।