.jpeg)
অস্ত্রের দোকান
শেষ আপডেট: 16 February 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: গতকাল জীবনতলায় ১৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছিল। এবার কার্তুজ কাণ্ডে নজরে কলকাতার বিবাদী বাগের অস্ত্রের দোকান। ইতিমধ্যেই সেই দোকান সিল করে দেওয়া হয়েছে।
এসটিএফ সূত্রে খবর, বন্দুকের দোকানের রেজিস্টারে প্রচুর গরমিল রয়েছে। কার্তুজের স্টকের সঙ্গে মিলছে না রেজিস্টার না মেলায় তদন্তকারীরা মনে করছে এই বৈধ বন্দুকের দোকান থেকেই দুষ্কৃতীদের হাতে পৌঁছে যেত কার্তুজ। এখনও অবধি ওই বন্দুকের দোকানের কর্মী-সহ গ্রেফতার ৫।
গতকাল ক্যানিংয়ের জীবনতলা থেকে ৭ এমএম পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল। পাশাপাশি উদ্ধার হয় ডবল ব্যারেল বন্দুকও। প্রথমে ৪ জনকে গ্রেফতার করে জেরা শুরু করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিককে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ডবল ব্যারেল বন্দুক।
মাত্র কয়েক সপ্তাহ আগে শিয়ালদহ সংলগ্ন এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছিল। তারপর সুরেন্দ্রনাথ কলেজের সামনে বৈঠকখানা লেন থেকে অস্ত্র উদ্ধার হয়। ওই ঘটনায় ৫ জন গ্রেফতার হয়েছিল। পুলিশি তদন্তে উঠে আসে, এরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ডাকাতির উদ্দেশে কলকাতায় এসেছিল।
শুধু শিয়ালদহে নয়, বড়বাজার থানা এলাকা থেকেও সাম্প্রতিক সময়ে অস্ত্র উদ্ধার হয়েছে। যে গাড়িতে অস্ত্র ছিল সেটির সঙ্গেও উত্তরপ্রদেশের যোগ ছিল। এখন ক্যানিংয়ের ঘটনার সঙ্গেও যোগী রাজ্যের কোনও যোগ রয়েছে কিনা, সেটাও দেখার বিষয়।