
ফিরহাদ হাকিম
শেষ আপডেট: 6 December 2024 19:35
দ্য ওয়াল ব্যুরো: সরকারি জমি বেআইনিভাবে দখল করলে কড়া পদক্ষেপ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনই হুঁশিয়ারি দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন মেয়র পরিষ্কার বলেন, শহরে যদি কোনও বেআইনি দখল থাকে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেয়রের অভিযোগ, কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ কসবায় সরকারের জমি বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে। সেটা দ্রুত পুনরুদ্ধারের কাজ চলছে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, শহরের কোথাও বেআইনি নির্মাণ হচ্ছে না। যেটা হয়েছে সেটা পুরনো। বেআইনি কিছু দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত মাসের ১৫ নভেম্বর কলকাতা পুরসভার এই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান সুশান্তবাবু। কসবার রাজডাঙা এলাকায় নিজের বাড়ির সামনে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয় বলে অভিযোগ। সেই ওয়ার্ডেই এবার বেআইনিভাবে সরকারি জমি দখল নিয়ে মুখ খুললেন মেয়র।
গত ২৪ নভেম্বরই টক টু মেয়র অনুষ্ঠানে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে কলকাতা পুরসভার ডিজি বিল্ডিংকে ধমক দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি পুর আধিকারিকদের ধমক দিয়ে বলেন, দায়িত্ব পালনে একেবারেই ঢিলেমি নয়। কাজ এমনভাবে করতে হবে, মানুষ যাতে পুরসভাকে ‘চোরপোরেশন’ না মনে করেন। একজন মানুষেরও যেন না মনে হয়, কোনও লুকোচুরি খেলা চলছে।
ফিরহাদ হাকিম বলেন, সিঁথি মোড়ের জলাশয় ভরাট করা হয়েছে। সরকার সবরকমভাবে তা পুনরুদ্ধারের চেষ্টা করছে। রাজ্যের মন্ত্রী আরও মনে করিয়ে দেন, সরকারি সম্পত্তি রক্ষার কাজ পুলিশের। প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেবে।