
শেষ আপডেট: 13 April 2024 14:35
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের অগ্নিকাণ্ড। শনিবার দমদমের ছাতাকলে ঝুপড়িতে ভয়ঙ্কর আগুন লাগে। আচমকাই একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারিদিক। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন।
এদিন সকাল ১২ টা নাগাদ দমদমের হনুমান মন্দিরের কাছে ছাতাকল লাগোয়া ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। ঝুপড়ির কাছে প্লাস্টিক সহ দাহ্য বস্তু মজুত থাকায় নিমেষে দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক ঘর। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘর থেকে কোনও ক্রমে বেরিয়ে আসেন স্থানীয়রা। আতঙ্কিত হয়ে পড়েন ঝুপড়িবাসী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এই প্রতিবেদন লেখার সময় অর্থাৎ দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয়দের দাবি, আগুন লাগার পর তাঁরা বিকট শব্দ শুনতে পান। তখনই ঘর থেকে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে ঝুপড়িবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগায়। ঝুপড়ির পাশে থাকা খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
এদিকে দমকলের বিরুদ্ধে দেরিতে পৌঁছনোর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ভয়ঙ্কর আগুনে ঝুপড়ির বহু ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ঝুপড়িবাসী। বেলা দেড়টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, 'আগুন নেভাতে কাজ করছে দমকলের রোবট।যুদ্ধকালীন পরিস্থিতে আগুন নেভানোর কাজ চলছে। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছয় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়, সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। ঝুপড়িবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা।
দমকল সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক বস্তি আগুনে পুড়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশও। ঘটনাটিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঝুপড়িবাসীর বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের অনুমান।